রাজনগরে ৪৫৮ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

সারসহ জব্দ ট্রাক
মৌলভীবাজারে পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় ৪৫৮ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক কামাল উদ্দিনকে (৩৮) আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে রাজনগরের গোবিন্দবাটি এলাকায় হাজী মোবারক ফিলিং স্টেশনের সামনে চালকবিহীন অবস্থায় ট্রাকটি দেখতে পায় পুলিশ।
সংবাদের ভিত্তিতে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মিয়া কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে ঘটনাস্থলে যান। পরে ট্রাকটি সারা রাত পুলিশ পাহারায় রাখা হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ট্রাকটি নিতে ঘটনাস্থলে আসেন চালক কামাল উদ্দিন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে সারসহ ট্রাক ও চালককে রাজনগর থানায় নেওয়া হয়।
আটক কামাল উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার শেওড়া মুন্সিবাড়ি এলাকার মৃত ইউনুস আলীর ছেলে। ট্রাকটির মালিক শামীম মিয়া। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘ট্রাকটিতে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার ছিল। মোট ৪৫৮ বস্তা সার, প্রতিটি বস্তার ওজন ৫০ কেজি। সার পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সারসহ ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সারগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।’




