বাড়ি ফেরা হলো না মা-ছেলের, পথেই গেল প্রাণ

গ্রাফিকস: আগামীর সময়
মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার বড়দল গ্রামের শাহ ইদ্রিস আলীর স্ত্রী ফরিদা বেগম (৪৫) এবং তার ছেলে জুবের মিয়া (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে মুন্সিবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মা ও ছেলে। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদা বেগম ও তার ছেলে জুবের মিয়াকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




