রাজনগরে সাবেক শিক্ষকের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

ছবি: আগামীর সময়
মৌলভীবাজারের রাজনগরে পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্যের বাড়িতে ডাকাতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষকের ভাষ্য অনুযায়ী, ডাকাতেরা বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঘরের আলমারি, ওয়ারড্রোব ও শোকেসের তালা ভেঙে প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।
কন্দর্প কুমার ভট্টাচার্য জানান, দুর্গাপূজা উপলক্ষে তার দুই মেয়ে স্বামীর বাড়ি থেকে বেড়াতে এসেছিলেন। এ সময় বাড়িতে তার স্ত্রী ও পুত্রবধূও ছিলেন।
ঘটনার খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।
এদিকে, সাবেক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও রাজনগর প্রেস ক্লাবের সদস্যরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




