মিঠামইনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি
কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘী ইউনিয়নের দক্ষিণ গোপদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, দক্ষিণ গোপদিঘী এলাকার জুয়েল মন্ডলের সাত বছরের ছেলে জয়ন্ত মন্ডল ও আব্দুল কাদিরের ছয় বছরের মেয়ে হাফিজা আক্তার।
স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন, দুই শিশুর বাড়ি পাশাপাশি। আজ সকালে বাড়ির পাশের পুকুরে দুজন গোসল করতে নামে। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা ডুবে যায়। আশপাশে তাদের না দেখে শুরু হয় খোঁজাখুজি। কিছুক্ষণ পর পুকুরে ভেসে ওঠে শিশুদুটির দেহ।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, জানালেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ।





