টেকনাফে নৈশপ্রহরী হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

মো. আইয়ুব। সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলায় মো. আইয়ুব (২৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার চাকমাপাড়া পাতাবাড়ি সংলগ্ন গহীন অরণ্য ও পাহাড়বেষ্টিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আইয়ুব টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর নাজিরের শ্যালক খোরশেদ আলমের কাছে আসামিরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এর দুদিন পর ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার জাহাঙ্গীর আলমের কাছে পুনরায় চাঁদা দাবি ও মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে নৈশপ্রহরী নাজির হামলায় বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। হামলাকারীরা ছোরা, কিরিচ ও লোহার রড দিয়ে তাকে আঘাত করেন এবং বুকের ওপর পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় আরও কয়েকজন গুরুতর আহত হন।
এজাহারে বলা হয়েছে, স্থানীয়রা আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাজিরকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এসআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। আইয়ুবকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি।




