ঝিনাইদহে ভিওআইপি ডিভাইসসহ দুই আ. লীগ কর্মী আটক

আটক দুইজন
ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস ও দেশি-বিদেশি মোবাইল ফোনের সিম কার্ডসহ দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম এবং ইউনিয়ন যুবলীগের নেতা সাহেব আলী।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ওই বাড়ি থেকে ভিওআইপি কলিংয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ ডিভাইস এবং দেশি-বিদেশি অবৈধ মোবাইল ফোনের সিম কার্ড উদ্ধার করা হয়। একই সময় আব্দুর রহিম ও সাহেব আলীকে আটক করা হয়।
তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে অবৈধভাবে ভিওআইপি ডিভাইস ব্যবহারের অভিযোগে টেলিযোগাযোগ আইন, ২০০১-এর অধীনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ওসি শরিফুল ইসলাম আরও জানান, উদ্ধার করা ডিভাইসগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে। সেখানকার বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



