খেলতে গিয়ে নিখোঁজ, তিনদিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

শিশু ইসমাইল। সংগৃহীত ছবি
ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের তিনদিন পর ইসমাইল (৬) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন একটি খাল থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
এ ঘটনায় রোকন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ইসমাইল ওই এলাকার মো. আকবর হোসেনের ছেলে। রোকন একই ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, খালের পানিতে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত রবিবার সকালে বাসার বাইরে খেলতে যায় ইসমাইল। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি।
শিশুটির কাকা শাহিন বাবুর্চি জানিয়েছেন, রোকনের বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
শিশুটির চাচি নুর নাহার (৪০) মন্তব্য করেন, কিছুদিন আগে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে ইসমাইলের বাবার সঙ্গে রোকনের বিরোধ হয়েছিল। ওই সময় রোকন ইসমাইলের বাবাকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘তোকে আমি এমন করব, সারাজীবন কাঁদবি।’
বোরহানউদ্দিন থানার ওসি আশরাফ আলী বলেছেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির মৃত্যুর কারণ কী, কীভাবে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আর কেউ জড়িত কি না— এসব বিষয় তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




