চৌদ্দগ্রামে কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, নির্যাতনের অভিযোগ

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লায় ফাতেমা আক্তার (১৭) নামে এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিয়ের দুই মাসের মাথায় তার এমন মৃত্যু ঘিরে নির্যাতনের অভিযোগ তুলেছে পরিবার।
এ ঘটনায় স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেছেন ফাতেমার মা রাশেদা বেগম।
গত সোমবার রাতে চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের লতিফ শিকদার দরবার বাড়ি থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।
ফাতেমা কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের শহিদুল ইসলাম বাদন ও রাশেদা বেগমের মেয়ে। প্রায় দুই মাস আগে চিওড়া ইউনিয়নের লতিফ শিকদার দরবার বাড়ির তানভির আহমেদ অভি ওরফে সানির সঙ্গে তার বিয়ে হয়।
ফাতেমার পরিবারের অভিযোগ, যৌতুক ও আসবাবপত্রের দাবি পূরণ করতে না পারায় বিয়ের পর থেকেই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। তাকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন তার বাবা শহিদুল ইসলাম বাদন।
তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন ফাতেমার স্বামী তানভির আহমেদ অভি। মঙ্গলবার সকালে মোবাইলে তিনি দাবি করেন, ঘটনার দিন স্ত্রীকে বাড়িতে রেখে ক্যান্টনমেন্ট ও কালিকাপুরে যান। পরে বাড়ি ফিরে স্বজনদের মাধ্যমে স্ত্রীর মরদেহের খবর পান।
মঙ্গলবার সকালে ফাতেমার মা রাশেদা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। মামলায় তানভির আহমেদ অভি (২৫), তার মা তাসলিমা বেগম (৪৮) ও বোন সাদিয়া জাফরিনকে (২০) আসামি করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



