নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃত্যু

নড়াগাতী থানা। ছবি: আগামীর সময়
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের নাম হাসান শেখ (৪৫)। তিনি চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। হাসান ভ্যানচালক ছিলেন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।
ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সোহেল এবং আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হন।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখ।
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।




