নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮

সংঘর্ষে আহতদের দুইজন। ছবি: আগামীর সময়
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সোহেল এবং আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে চরকান্দিপাড়ায় দুইপক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। গুলি ও হামলার ঘটনায় উভয়পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানিয়েছেন, সংঘর্ষে কোন ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।




