মুকসুদপুরে দুই গাড়ির সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ গেল পথচারীর
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

আকরাম বিশ্বাস। সংগৃহীত ছবি
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনার গাড়ির মধ্যে সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
স্থানীয়দের বরাতে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সঙ্গে উল্টোদিক থেকে আসা কনটেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আকরাম। দুই গাড়ির মাঝখানে পড়ে তিনি গুরতর আহত হন। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
ওসি আব্দুল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। বর্তমানে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।




