সাজেকে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
রাঙামাটিতে ইউপিডিএফের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম হেগেরা চাকমা (৫০)। তিনি সাজেক ইউনিয়নের রেতকাবা এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে ইউপিডিএফের কর্মী হিসেবেই কাজ করতেন বলে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
তিনি বলেছেন, সাজেকে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে আমাদের ফোর্স পৌঁছাতে সময় লাগবে। তারা পৌঁছানোর পর বিস্তারিত জানানো হবে।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেছেন, সশস্ত্র সন্ত্রাসী জ্যাকসন চাকমার নেতৃত্বে চার-পাঁচ জনের একটি সশস্ত্র গ্রুপ শুকনাছড়ি এলাকায় হামলা চালায়। এ সময় তারা আমাদের কর্মী হেগেরা চাকমাকে হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই।




