ট্রলি উল্টে প্রাণ গেল কিশোর চালকের

ফাইল ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রলি উল্টে মো. মিনহাজ (১৩) নামে চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার সহকারী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নয়াহাট বাজারের কাশেম চেয়ারম্যান বাড়ির কাছে এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ওই এলাকার মো. মনসুরের ছেলে। আহত কিশোরের নাম মো. সায়েম (১৪)। সায়েম উপজেলার শাহনগর গ্রামের মো. ইয়াসিনের ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, নয়াহাট বাজার থেকে একটি বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের মালামাল নিয়ে ট্রলিতে করে কাশেম চেয়ারম্যানের বাড়ির দিকে যাচ্ছিল মিনহাজ ও সায়েম। নয়াহাট বাজারে পৌঁছালে ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আহত হয় দুই কিশোর।। স্থানীয়রা তাদেরকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন।
ওসি রবিউলের ভাষ্য, এই ঘটনায় ফটিকছড়ি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





