নিজেদের মানচিত্র তুলে ধরেছে কেপ ভার্দে

সংগৃহীত ছবি
সুপার কম্পিউটারের সম্ভাব্য ফল ছিল আর্জেন্টিনা ৪, কেপা ভার্দে ১! সেই কেপ ভার্দেই উপহার দিল রুদ্ধশ্বাস এক লড়াই। শেষ ৩২-এর ম্যাচটা তারা প্রায় নিয়েই গিয়েছিল টাইব্রেকার পর্যন্ত। শেষ পর্যন্ত সেটা হয়নি। তবে কেপ ভার্দের এই লড়াই গর্বিত করেছে দেশটির ফুটবল কোচ বুবিস্তাকে।
ম্যাচ শেষে চোয়াল শক্ত করে বুবিস্তা বলছিলেন,‘আমরা দেখিয়েছি, ছোট দেশ হলেও পৃথিবীর সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করতে পারি। এটা গর্ব করার মতই।’
বুতিস্তা আরও যোগ করেন,‘আমরা দেশের জন্য ইতিহাস তৈরি করেছি। আমাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য তারা গর্ববোধ করতে পারে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা যেভাবে খেলেছি আর দুইবার সমতায় ফিরেছি, সেটা সত্যিই অবিশ্বাস্য।’
কেপ ভার্দের সেন্ট্রাল-ব্যাক রবার্তো 'পিকো' লোপেসও গর্বিত দলের এমন পারফরম্যান্সে। বিশ্বকাপে চারটি ম্যাচেই খেলেছেন তিনি। আর্জেন্টিনার কাছে হারার পর বিবিসি স্পোর্টসকে লোপেস বলেছেন,‘এই বিশ্বকাপ থেকে পাওয়া সবচেয়ে বড় জিনিসটা হল, মানচিত্রে কেপ ভার্দে কোথায়, তা আর কেউ জিজ্ঞেস করে না। এটা আমাদের জন্য একটা ইতিহাস। আমরা নিজেদের মানচিত্রে তুলে ধরেছি। আমরা ছোট জাতি হতে পারি কিন্তু আমাদের মন অনেক বড়। আমরা দেখিয়েছি দল হিসেবে কী করা সম্ভব।’
৪৮ দলের বিশ্বকাপ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হলেও, ইংলিশ সাবেক তারকা গ্যারি নেভিলের সব সংশয় কেটে গেছে। আইটিভি-তে তিনি বলেছেন,‘ এটি দেখায় যে, আপনি যখন কাউকে সুযোগ দেবেন, তারা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে পৌঁছাতে পারে আর পৃথিবীর সেরা খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারে। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছে ওরা। এই দলগুলো বিশ্বকাপকে আরও রঙিন করে তুলেছে।’
কেপ ভার্দের সাফল্যের অন্যতম নায়ক ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনহা। অথচ তিনি এখন ক্লাবহীন। পর্তুগিজ দ্বিতীয় বিভাগের দল চাভেসের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।
গ্যারি নেভিলের বিশ্বাস ভালো কোন ক্লাবই অপেক্ষা করছে ভোজিনহার জন্য,‘ভোজিনহা একটি ভালো ক্লাব পেতে যাচ্ছে। কী দারুণ একটি বিশ্বকাপ কাটল তার! সে যা কিছু করে, সবই খুব শান্ত ও সুনিয়ন্ত্রিত। সে এত দিন কোথায় ছিল? আমাদের তার সঙ্গে আরও আগেই পরিচিত হওয়া উচিত ছিল।"




