হাজার মাইল পাড়ি দিয়ে যে অতিথিরা আসে

বাংলাদেশের হাওর-বাঁওড়, নদী ও উপকূলীয় জলাভূমি পরিযায়ী পাখিদের জন্য গুরুত্বপূর্ণ
শীতের সকালে পুকুরের পানিতে ভেসে বেড়াচ্ছে একদল হাঁস। এদের অনেকেই এসেছে হাজার হাজার মাইল দূর থেকে। কেউ এসেছে সাইবেরিয়া থেকে, কেউ মধ্য এশিয়া, তিব্বত কিংবা হিমালয় পেরিয়ে। শীতের তীব্রতা আর খাবারের অভাব থেকে বাঁচতে প্রতিবছর এমন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসে নানা প্রজাতির পাখি। শীত শেষে আবার ফিরে যায় নিজ নিজ আবাসে।
বাংলাদেশের জলাভূমি, নদী, হাওর, বিল ও উপকূলীয় অঞ্চল এসব পাখির গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। বিশেষ করে শীতের সময় দেশের বিভিন্ন জলাভূমিতে দেখা মেলে নানা প্রজাতির পরিযায়ী পাখির। স্থানীয় মানুষের কাছে তারা অতিথি পাখি নামে পরিচিত। তবে পাখিবিশেষজ্ঞদের কাছে এরা পরিযায়ী পাখি। কারণ, নির্দিষ্ট ঋতুতে খাবার, প্রজনন ও অনুকূল পরিবেশের খোঁজে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিয়মিত যাতায়াত করে তারা।
আকাশের পথ ধরে
পাখির এই দীর্ঘ যাত্রার পেছনে রয়েছে প্রকৃতির এক বিস্ময়কর ব্যবস্থা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মধ্যে পাখিদের চলাচলের নির্দিষ্ট পথ রয়েছে। এগুলোকে বলা হয় ফ্লাইওয়ে। অনেকটা আকাশের মহাসড়কের মতো। বাংলাদেশ দুটি গুরুত্বপূর্ণ পরিযায়ী পথের মধ্যে পড়েছে—সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এবং ইস্ট এশিয়ান-অস্ট্রেলেশিয়ান ফ্লাইওয়ে।
বাংলাদেশে প্রায় ৭১২ প্রজাতির পাখি রয়েছে। এর মধ্যে প্রায় ৩২০ প্রজাতি পরিযায়ী। তবে সব পাখি শীতকালে আসে না। কিছু আসে গ্রীষ্মে, কিছু আবার শীত ও গ্রীষ্মের মাঝামাঝি সময়ে যাত্রাপথে বাংলাদেশে সাময়িক বিরতি নেয়।
পরিযায়ী পাখিদের মধ্যে বড় হাঁস, রাজহাঁস ও জলচর পাখির পাশাপাশি রয়েছে ছোট ছোট অনেক পাখি। যেমন খঞ্জনা, পাতাফুটকি, ফিঙে ও বিভিন্ন প্রজাতির ওয়ারবলার। এদের অনেকের দৈর্ঘ্য ১০ থেকে ২০ সেন্টিমিটার, ওজনও খুব সামান্য। ঝোপঝাড় কিংবা গাছের পাতার আড়ালে থাকায় চোখে পড়ে না সহজে। অথচ পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা রয়েছে।
শীতের অতিথিদের মধ্যে বার-হেডেড গুজ বা ধূসর রাজহাঁস বিশেষভাবে উল্লেখযোগ্য। হিমালয়ের উঁচু অঞ্চল পেরিয়ে উড়তে পারার জন্য এই পাখি পরিচিত। এ ছাড়া পিনটেইল, রাডি শেলডাক, গাডওয়ালসহ নানা প্রজাতির হাঁস বাংলাদেশের জলাভূমিতে আশ্রয় নেয়।
আশ্রয় আছে, নিরাপত্তা কতটা?
বাংলাদেশের হাওর-বাঁওড়, নদী ও উপকূলীয় জলাভূমি পরিযায়ী পাখিদের জন্য গুরুত্বপূর্ণ। টাঙ্গুয়ার হাওর, হাকালুকি হাওর, নিঝুম দ্বীপ এবং দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় শীতকালে পাখির আনাগোনা বাড়ে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত পাখিবিষয়ক একটি নিবন্ধে বলা হয়েছে, দেশের জলাভূমি শীতকালীন পরিযায়ী পাখিদের জন্য গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। এসব পাখির মধ্যে বেশ কিছু বিপন্ন ও প্রায় বিপন্ন প্রজাতিও রয়েছে।
তবে সব জায়গায় তাদের জন্য পরিস্থিতি অনুকূল নয়। জলাভূমি ভরাট, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, মাছ চাষের বিস্তার এবং শিকার পাখিদের আবাসস্থল সংকুচিত করছে। নিউ এজের এক প্রতিবেদনে বাংলাদেশ বার্ড ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম সারোয়ার আলমের বরাত দিয়ে বলা হয়েছে, ২০২৫ সালে আগের বছরের তুলনায় দেশে পরিযায়ী পাখির আগমন প্রায় ২০ শতাংশ কমেছে। পাখিদের খাবার ও নিরাপদ আশ্রয় কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন গবেষকেরা।
শুধু আবাসস্থল হারানো নয়, শিকারও বড় বিপদ।
শীতের সময় জলাশয়ে জাল পাতা, ফাঁদ তৈরি কিংবা খাবারের লোভ দেখিয়ে পাখি ধরার ঘটনা ঘটে। অথচ এসব পাখি প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তারা পোকামাকড় নিয়ন্ত্রণ করে, জলাভূমির পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে।
শীত শেষে অতিথিরা আবার ফিরে যাবে হাজার মাইল দূরের নিজস্ব আবাসে। পরের বছর হয়তো একই জলাশয়ে আবার দেখা মিলবে তাদের। কিন্তু সেই ফিরে আসার জন্য জলাভূমিগুলোকে বাঁচিয়ে রাখা জরুরি। অতিথিদের জন্য শুধু শীতের সময়টুকু নয়, সারা বছরই নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে হবে।






