পাঁচ বছরেই যোগব্যায়ামের শিক্ষক

যে বয়সে শিশুরা স্কুলে বর্ণমালা আর অঙ্কের সঙ্গে পরিচিত হয়, সেই বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক হয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছে যুক্তরাষ্ট্রের হিউস্টনের ফিনিক্স জিসেল হিকস। মাত্র ৫ বছর ৩৩৭ দিন বয়সে বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবে নাম উঠেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায়।
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ফিনিক্সকে নিয়ে প্রকাশ করা হয়েছে একটি প্রতিবেদন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মাত্র তিন মাস বয়সে মা সিডনি হিকসের সঙ্গে যোগব্যায়ামের ক্লাসে যাওয়া শুরু করে ফিনিক্স। তখন ক্লাসটির নাম ছিল ‘মামি অ্যান্ড মি’।
মায়ের সঙ্গে সেই ছোট্ট বয়সের যোগচর্চাই ধীরে ধীরে গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ফিনিক্সের জীবনে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যোগব্যায়ামের প্রতি আগ্রহ বাড়তে থাকে তার। পরে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করে সে।
একের পর এক ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত ২০০ ঘণ্টার প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করে যোগব্যায়ামের প্রশিক্ষকের সনদ অর্জন করে ফিনিক্স। যেখানে অনেক প্রাপ্তবয়স্কের জন্য যোগব্যায়ামের প্রশিক্ষক হওয়ার এই কোর্স সম্পন্ন করা কঠিন, সেখানে মাত্র ছয় বছর বয়সের কাছাকাছি সময়ে তা অনায়াসে সম্পন্ন করে রেকর্ড গড়েছে ফিনিক্স।



