মিয়ানমার জান্তার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কাচিন বিদ্রোহীরা

কাচিন আর্মি। ছবি: সংগৃহীত
মিয়ানমারের রাজধানী নেপিদোতে এসে বৈঠকে বসার জন্য কাচিন ইন্ডিপেনডেন্স অর্গানাইজেশন (কেআইও)-কে আমন্ত্রণ জানিয়েছিল জান্তা সরকার। কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইরাবতী।
গত ৪ সেপ্টেম্বর জান্তার ‘জাতীয় সংহতি ও শান্তি আলোচনা কমিটি’ (এনএসপিসি) আনুষ্ঠানিকভাবে কেআইও-কে নেপিদোতে বৈঠকের আমন্ত্রণ জানায়। কেআইও হলো কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) রাজনৈতিক শাখা যা তাদের নিজস্ব রাজ্যের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে।
এনএসপিসি চেয়ারম্যান ইয়ার প্র্যায়ের স্বাক্ষরিত এই আমন্ত্রণে কোনো পূর্বশর্ত রাখা হয়নি। তবে কেআইও জোর দিয়ে জানিয়েছে, যেকোনো আলোচনা মিয়ানমারের বাইরে অনুষ্ঠিত হতে হবে। অর্থাৎ নেপিদো বা কাচিন রাজ্য, কোনো জায়গাতেই নয়।
এমন এক সময়ে জান্তা সরকার এই শান্তির প্রস্তাব দিল, যখন তাদের বাহিনী কাচিন রাজ্যে বিমান ও গানবোট হামলা আরও বাড়িয়েছে।
তবে কেআইএ-র মুখপাত্র কর্নেল ন বু জানিয়েছেন, এ ধরনের কোনো আমন্ত্রণ বা কেআইও-র জবাবের বিষয়ে তিনি অবগত নন।
কাচিন বিদ্রোহীরা এর আগেও স্পষ্ট করে জানিয়েছিল, তারা এই জান্তাকে অবৈধ মনে করে এবং তাদের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। কাচিন বিপ্লবের ৬৫তম বার্ষিকীতে কেআইএ নেতা লেফটেন্যান্ট জেনারেল গান মউ পুনর্ব্যক্ত করে বলেন, আসল বিষয় হলো জান্তা সরকার প্যারালাল ইউনিয়ন গভর্নমেন্টের (এনইউজি) সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক কি না।




