কপ৩১কে ‘ভণ্ডামির মঞ্চ’ বললেন গ্রেটা থুনবার্গ

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলনে পৌঁছানোর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গ্রেটা থুনবার্গ— রয়টার্স
সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ভণ্ডামিপূর্ণ বলে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে মুনাফা ও ক্ষমতার চেয়ে মানুষ ও পৃথিবীকে অগ্রাধিকার দিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় মঙ্গলবার কপ৩১ সম্মেলনে যোগ দিতে এসে এসব কথা বলেন থুনবার্গ।
তিনি বললেন, ‘প্রতি বছরই এটা একধরনের ভণ্ডামি যে আয়োজক দেশগুলো নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ পায়। আমরা জানি, এসব আলোচনা লবিস্টে ভরা। যেসব লবিস্ট আমাদের বর্তমানের অত্যন্ত সহিংস পরিস্থিতি থেকে লাভবান হওয়া ধ্বংসাত্মক শিল্পপ্রতিষ্ঠানগুলোর অর্থে পরিচালিত হন।’
তার মতে, ‘আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাগুলো মানবপ্রকৃতির সঙ্গে অসংগতিপূর্ণ হয়ে উঠেছে।’
গত এক বছরে তাপপ্রবাহ ও বন্যাসহ জলবায়ু পরিবর্তনজনিত প্রাণঘাতী দুর্যোগের পর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে নতুন করে জ্বালানিসংকটও তৈরি হয়েছে।
কপ৩১-এর যৌথ আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া নবায়নযোগ্য জ্বালানি এবং ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের প্রচার চালাচ্ছে। তবে বিদ্যুৎ উৎপাদনে এখনো উভয় দেশই জীবাশ্ম জ্বালানির ওপর, বিশেষ করে কয়লার ওপর, ব্যাপকভাবে নির্ভরশীল। এর আগে ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজানের মতো যেসব দেশ জলবায়ু সম্মেলনের আয়োজক হয়েছিল, সেগুলোও বড় তেল উৎপাদনকারী দেশ।
থুনবার্গ বলেন, জলবায়ু পরিবর্তন ‘সবকিছুকেই হুমকির মুখে ফেলছে’। তিনি সতর্ক করেন, ‘আমরা যা কিছু ভালোবাসি, সবকিছু এবং সবাই ঝুঁকির মুখে রয়েছে।’
তিনি বললেন, ‘বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং আমরা যে পৃথিবীতে বাস করি, তাদের প্রতিনিয়ত বলি দিয়ে সৌভাগ্যবান অল্প কয়েকজনের অকল্পনীয় মুনাফা অর্জন ও ভূরাজনৈতিক ক্ষমতা ধরে রাখার সুযোগ করে দেওয়ার পরিবর্তে আমাদের উচিত মানুষের সুরক্ষা ও কল্যাণে কাজ করা।’
২০১৮ সালে মাত্র ১৫ বছর বয়সে আলোচনায় আসেন থুনবার্গ। সে সময় সুইডিশ পার্লামেন্টের বাইরে একা ‘জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট’ কর্মসূচি শুরু করেন তিনি।
স্কটল্যান্ডের গ্লাসগোতে ২০২১ সালের সম্মেলনের পর এবারই প্রথম কোনো জলবায়ু সম্মেলনে যোগ দিলেন থুনবার্গ। গ্লাসগোর ওই সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে তিনি ‘ব্লা, ব্লা, ব্লা’ বলে উড়িয়ে দিয়েছিলেন।
জলবায়ু আন্দোলনের পাশাপাশি অন্য বিভিন্ন ইস্যুতেও প্রচার চালিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনের মুক্তির আন্দোলন। সম্প্রতি আরও বেশি শিক্ষাসম্পদ বরাদ্দের দাবিতে আন্দোলনরত ফরাসি শিক্ষার্থীদের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।
আনতালিয়ায় থুনবার্গের আগমন কপ৩১-এ অংশ নেওয়া অনেক তরুণ জলবায়ু আন্দোলনকর্মীর মধ্যে উৎসাহ তৈরি করেছে। তারা জলবায়ু অর্থায়ন বাড়ানোর দাবি জানাচ্ছেন।
অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটসের ২৬ বছর বয়সী ফেলো অ্যাম্বার টার্নার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘আমি আশা করি, গ্রেটার উপস্থিতি আমাদের মনে করিয়ে দেবে, কেন আমরা শুরুতে এই কাজ শুরু করেছিলাম। অর্থবহ পরিবর্তনের জন্য চাপ দেওয়া, সিদ্ধান্ত গ্রহণকারীদের জবাবদিহির আওতায় আনা এবং সমগ্র মানবজাতির জন্য আরও ভালো ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে কাজ করাই ছিল আমাদের উদ্দেশ্য।’
সিঙ্গাপুরের তরুণ পরিবেশকর্মী কিউইয়ুন উ বলেন, থুনবার্গের ‘শক্তিশালী’ উপস্থিতি ‘এমন এক প্রজন্মের দাবিকে আরও জোরালো করেছে, যারা এসব আলোচনার পরিণতি বহন করবে’।
আনতালিয়ায় কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
আগামী বছরের কপ৩২ সম্মেলন ২০২৭ সালের নভেম্বরে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: আলজাজিরা





