নারী কেলেঙ্কারিতে এনভিডিয়ার বাজার মূলধন কমল ২৫০ লাখ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। ফাইল ছবি / রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের খবর প্রকাশের পর বড় ধরনের সংকটে পড়েছে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি।
ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক থেকে শুরু করে চীনে চিপ পাচারের অভিযোগ, পরিচালনা পর্ষদের তদন্ত, সিইওর পদত্যাগ এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার হিসাবসংক্রান্ত তদন্ত—সব মিলিয়ে চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
এতে কোম্পানিটির শেয়ারের দাম বা বাজার মূলধন কমেছে ২ লাখ ৪ হাজার ৬০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা ধরে প্রায় ২৫০ লাখ কোটি টাকা।
জানা গেছে, গত ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শেষে এনভিডিয়ার বাজার মূলধন নেমে এসেছে ৩ লাখ ১৪ হাজার ৫০০ কোটি ডলারে। এর আগে, নারী কেলেঙ্কারির ঘটনা প্রকাশের আগে গত ২৮ অক্টোবর লেনদেন শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন ছিল ৫ লাখ ১৯ হাজার ১০০ কোটি ডলার।
সেই হিসাবে তিন সপ্তাহের কিছু বেশি সময়ে কমেছে ২ লাখ ৪ হাজার ৬০০ কোটি ডলার। সূত্র: ফাইন্যান্স চার্টস।
গত ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাঁর সম্ভাব্য গোয়েন্দা যোগাযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
অ্যালিস হুয়াং সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিড ইন্টারন্যাশনালের সাবেক শীর্ষ কর্মকর্তা। প্রতিষ্ঠানটির মাধ্যমে এনভিডিয়ার উন্নত চিপ চীনে পাচারের সন্দেহে তদন্ত চলছে। তবে তাঁর গোয়েন্দা সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হয়নি।
গত ৮ নভেম্বর জেনসেন হুয়াং স্ত্রীর কাছে অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। একই দিন এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাঁর ব্যক্তিগত সম্পর্ক ও কোম্পানির ব্যবসায়িক স্বার্থের মধ্যে কোনো সংঘাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে স্বাধীন তদন্তের ঘোষণা দেয়।
সবশেষ ২০ নভেম্বর রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এনভিডিয়ার সম্ভাব্য হিসাবসংক্রান্ত অনিয়ম খতিয়ে দেখছে।
ওই দিন এনভিডিয়ার শেয়ারদর প্রায় ১৩ শতাংশ কমে। তবে প্রতিবেদন প্রকাশের আগেই শেয়ারটির দর ৬ শতাংশের বেশি কমেছিল।
১৯৯৩ সালে জেনসেন হুয়াং, ক্রিস মালাচোস্কি ও কার্টিস প্রিয়েম মিলে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত কোম্পানিটি শুরুতে কম্পিউটার গ্রাফিকস ও গেমিংয়ের জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরিতে মনোযোগ দেয়।
১৯৯৯ সালে প্রতিষ্ঠানটি জিপিইউ উদ্ভাবনের মাধ্যমে কম্পিউটার গ্রাফিকসের জগতে বড় পরিবর্তন আনে।
পরবর্তী সময়ে জিপিইউ প্রযুক্তি শুধু গেমিংয়ে সীমাবদ্ধ থাকেনি। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা সেন্টার, বৈজ্ঞানিক গবেষণা, স্বচালিত গাড়ি ও রোবটিকসসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার বাড়ে।
বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় এনভিডিয়ার চিপের চাহিদা দ্রুত বাড়তে থাকে। ফলে প্রযুক্তি খাতের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠানে পরিণত হয় কোম্পানিটি।




