অভিশংসনের উদ্যোগকে প্রহসন বললেন হেগসেথ, ট্রাম্প দিলেন ‘ট্রিপল প্লাস’

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পিট হেগসেথ— রয়টার্স
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই বাড়ছে রাজনৈতিক বিভাজন। নতুন করে চাপে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। যুদ্ধ পরিচালনায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ নিয়েছেন এক আইনপ্রণেতা। তবে একে প্রহসন আখ্যা দিয়েছেন হেগসেথ। তার মতে, এটি এমন নাশকতামূলক তৎপরতা, যা শত্রুপক্ষের স্বার্থে কাজ করছে।
এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ মন্তব্য করেন হেগসেথ। এর এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ও কেনটাকির রিপাবলিকান নেতা টমাস ম্যাসি তার বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ উত্থাপন করেন।
গত মে মাসের পর পেন্টাগনে প্রথম সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এর আগে দুই দফা অভিশংসনের উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এরপর তিনি বললেন, ‘দুইবারই তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। মার্কিন জনগণ তাকে আবার হোয়াইট হাউসে পাঠিয়েছে। এখন তারা তৃতীয়বারের মতো চেষ্টা করছেন। এবার তার মন্ত্রিসভার একজন সদস্যকে লক্ষ্য করে।’
তার ভাষ্য, ‘এবারও তারা ব্যর্থ হবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়ানোর কারণে যদি আমাকে সেই তালিকায় থাকতে হয়, তবে সপ্তাহের প্রতিটি দিনই আমি সেই তালিকায় থাকতে রাজি।’
তিনি বললেন, ‘এটি দেশপ্রেম নয়। এটি নাশকতা। এই প্রক্রিয়া আমাদের প্রতিপক্ষকে প্রচারণার ক্ষেত্রে জয় এনে দিচ্ছে।’
ইরান যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এসব অভিযানের প্রতিটির পক্ষেই আমি রয়েছি। এগুলো পরিচালনা করতে পেরে আমি গর্বিত। আগামীকাল আবারও একই কাজ করব।’
এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি বলেন, প্রস্তাবটি বাতিলের লক্ষ্যে আনা একটি প্রক্রিয়াগত প্রস্তাবের ওপর মঙ্গলবার প্রতিনিধি পরিষদে প্রথম ভোট হবে।
তিনি বললেন, ‘আমরা যদি সেই প্রচেষ্টা মোকাবিলা করতে পারি, তাহলে অভিশংসনের অভিযোগগুলো নিয়ে প্রকৃত বিতর্ক ও ভোটাভুটির দিকে এগোব।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক মন্তব্য নিয়ে হেগসেথকে প্রশ্ন করা হয়। ভ্যান্স বলেছিলেন, এ মাসের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারের বড় কারণ ছিল ইরান যুদ্ধ। জবাবে হেগসেথ বলেন, এই সংঘাত থেকে পাওয়া শিক্ষা ভবিষ্যতে কাজে লাগানো হবে। একই সঙ্গে তিনি বলেছেন, ‘সঠিক কারণেই এই যুদ্ধ করা হয়েছে, যাতে ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।’
যুদ্ধ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য উদ্ধৃত করে তিনি বললেন, ‘এটি হয়তো খুব জনপ্রিয় নয়, কিন্তু প্রয়োজনীয় হয়ে থাকতে পারে। আর আমি ঠিক এভাবেই মনে করি। এটি ছিল একটি প্রয়োজনীয় উদ্যোগ।’
পেন্টাগনের সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে হেগসেথের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন ট্রাম্প।
তিনি লেখেন, ‘অসন্তুষ্ট, ক্ষুব্ধ ও পরাজিত সাবেক কংগ্রেস সদস্য টমাস ম্যাসির বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরার জন্য পিট হেগসেথকে আমি এ প্লাস, প্লাস, প্লাস দেব। তিনি পুরোপুরি একজন ব্যর্থ ব্যক্তি!’




