মার্কিন যুদ্ধমন্ত্রীকে অভিশংসনের প্রক্রিয়া কী, হেগসেথ কি টিকবেন?

যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ফাইল ছবি / রয়টার্স
যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব তুলেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস মাসি। ইরান যুদ্ধসহ বিভিন্ন সামরিক অভিযানে আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আটটি অভিযোগ এনেছেন মাসি। তবে হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস হলেই তাকে পদ ছাড়তে হবে না। এর জন্য কংগ্রেসের দুই কক্ষে আলাদা ভোট এবং নির্দিষ্ট সংখ্যাগরিষ্ঠতারও প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদের হাতে অভিশংসনের প্রস্তাব তোলার ক্ষমতা রয়েছে। আর এ প্রস্তাবের বিচার করার দায়িত্ব সিনেটের। কোনো মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করতে প্রতিনিধি পরিষদের কোনো কমিটি তদন্ত করতে পারে। তদন্তের ফলাফল পরিষদে উপস্থাপন করে ভোটের আয়োজন করা হয়। তবে তদন্ত ছাড়াও সরাসরি অভিশংসনের প্রস্তাব তোলা যায়।
প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস করতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। অর্থাৎ ৪৩৫ সদস্যের পরিষদে অর্ধেকের বেশি সদস্যের সমর্থন থাকতে হবে। প্রস্তাব পাস হলে বিষয়টি যায় সিনেটে। সেখানে বিচার শেষে কোনো কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।
তবে সিনেটে বিচার পর্যন্ত বিষয়টি গড়াবে কি না, তা নিশ্চিত নয়। প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস হলে সিনেট সংখ্যাগরিষ্ঠ ভোটে সেটি খারিজ করতে পারে। আবার আরও বিবেচনার জন্য কোনো কমিটিতে পাঠানোর সিদ্ধান্তও নিতে পারে।
মাসি সোমবার হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ উত্থাপন করেছেন। এখন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতাদের হাতে ভোটের দিন নির্ধারণের জন্য দুই কার্যদিবস সময় রয়েছে। তবে তারা চাইলে প্রস্তাবটি আটকে দেওয়ার উদ্যোগ নিতে পারেন।
কেন অভিশংসনের প্রস্তাব
মাসির প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে সংবিধান লঙ্ঘন করেছেন হেগসেথ।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যুদ্ধ ঘোষণার ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে জাতীয় জরুরি অবস্থা বা আইনে নির্ধারিত বিশেষ পরিস্থিতিতে সামরিক পদক্ষেপের সুযোগ রয়েছে।
প্রস্তাবে আরও অভিযোগ করা হয়েছে, বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর নিয়ম উপেক্ষা করে সামরিক অভিযান চালানোর পরিবেশ তৈরি করেছেন হেগসেথ। তার নেতৃত্বে প্রতিরক্ষা দপ্তরে এমন সংস্কৃতি গড়ে উঠেছে, যেখানে সামরিক অভিযানের নিয়মকানুনকে গুরুত্ব দেওয়া হয় না। ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী হামলাকে এর পরিণতি হিসেবে উল্লেখ করেছেন মাসি।
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে বেআইনি যুদ্ধ পরিচালনা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযান নিয়েও অভিযোগ রয়েছে প্রস্তাবে। এ ছাড়া পশ্চিম গোলার্ধের সমুদ্রপথে কথিত মাদকবাহী নৌযানে মার্কিন হামলার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত বছর এসব অভিযান শুরুর পর থেকে অন্তত ৮০টি নৌযান ধ্বংস এবং ২৪৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে, তাদের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রমাণ দেয়নি পেন্টাগন।
প্রস্তাবে বলা হয়েছে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে হেগসেথ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বের প্রতি আস্থা ভঙ্গ করেছেন এবং সাংবিধানিক শাসনব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছেন।
আগেও দুই মন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন
হেগসেথের বিরুদ্ধে প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিশংসিত তৃতীয় মন্ত্রী।
এর আগে ১৮৭৬ সালে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়েছিল। অভিশংসন এড়াতে তিনি পদত্যাগ করেছিলেন। তবে এরপরও প্রতিনিধি পরিষদে তার বিরুদ্ধে প্রস্তাব পাস হয়। শেষ পর্যন্ত সিনেটে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় তিনি দোষী সাব্যস্ত হননি।
সর্বশেষ ২০২৪ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাসের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাস করেছিল রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসন পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে অভিযোগ আনা হয়েছিল। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেট ওই প্রস্তাবের দুই ধারাই খারিজ করে দেয়।
হেগসেথ কী বলছেন
অভিশংসনের উদ্যোগ নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন হেগসেথ। সোমবার তিনি বলেছেন, পেন্টাগনের নীতিগত সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের সদস্যদের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে। তবে যারা সামরিক অভিযানের সমালোচনা করছেন, তারা মূলত সেনাদের কর্মকাণ্ডের বিরোধিতা করছেন।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ আবার শুরু করার সুযোগ পেলে তিনি একই সিদ্ধান্ত নিতেন বলেও জানিয়েছেন হেগসেথ। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে অভিশংসনের উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
হেগসেথ বলেন, একজন অসন্তুষ্ট ও পরাজিত কংগ্রেস সদস্য তার ডেমোক্র্যাট মিত্রদের নিয়ে অভিশংসনের প্রস্তাব তুলেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও আগে দুবার এমন চেষ্টা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, তার ক্ষেত্রেও এ উদ্যোগ সফল হবে না।
দায়িত্ব হারানোর সম্ভাবনা কতটা
অভিশংসন প্রস্তাব প্রতিনিধি পরিষদে পাস হওয়া আর দায়িত্ব থেকে অপসারিত হওয়া এক বিষয় নয়। সিনেটে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। অর্থাৎ ১০০ সদস্যের সিনেটে অন্তত ৬৭ জনের সমর্থন লাগবে।
কোনো মন্ত্রিসভার সদস্যকে অভিশংসনের পর সিনেটে দোষী সাব্যস্ত করে অপসারণের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখনো ঘটেনি।
রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা বর্তমান কংগ্রেসে হেগসেথের বিরুদ্ধে প্রস্তাব পাসের সম্ভাবনা সীমিত। তবে মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়া ডেমোক্র্যাট সদস্যরা আগামী জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর তার বিরুদ্ধে চাপ বাড়তে পারে। সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা প্রায় ৫৪ হলেও হেগসেথকে অপসারণের জন্য প্রয়োজনীয় ৬৭ ভোট তাদের হাতে থাকবে না।
সিনেটের এক রিপাবলিকান কর্মকর্তার মতে, সরাসরি বিচার শুরু না করে বিষয়টি তদন্তের জন্য কোনো কমিটিতে পাঠানোর পক্ষে যুক্তি রয়েছে। তবে অভিশংসন প্রক্রিয়া শুরু হওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি।
সূত্র : সিএনএন







