নিউ ইয়র্কে বিক্ষোভকারীদের তোপের মুখে মামদানি

নিউ ইয়র্কের ম্যানহাটনে মোমবাতি হাতে মেয়র জোহরান মামদানি এবং পাশেই বিক্ষোভকারীদের স্লোগান। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন শহরটির মেয়র জোহরান মামদানি। তাকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ‘কাপুরুষ’ ও ‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যায়িত করেন।
স্থানীয় সময় বুধবার ঐতিহাসিক ইউনিয়ন স্কয়ারে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার তৃতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে যোগ দিতে গেলে এ ঘটনা ঘটে। ‘ইসরায়েলিজ ফর পিস নিউ ইয়র্ক’ আয়োজিত ওই অনুষ্ঠানে প্রো-ইসরায়েল ও প্রো-প্যালেস্টাইন— দুই পক্ষের সমর্থকরাই উপস্থিত ছিলেন।
মামদানি স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে অনুষ্ঠানস্থলে পৌঁছান। কালো কোট পরে তিনি পুলিশের ব্যারিকেড পেরিয়ে মঞ্চের দিকে যান এবং পুরো অনুষ্ঠান জুড়ে হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকেন।
মেয়রকে দেখতে পেয়ে বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে তীব্র স্লোগান দিতে শুরু করেন। গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ এবং শিশুদের হত্যার অভিযোগ তুলে তারা মামদানির সমালোচনা করেন। বিক্ষোভকারীদের উপস্থিতির কারণে স্মরণসভা শুরু হতেও দেরি হয়।
বিক্ষোভকারীদের একটি বড় অংশ সিটি হলের বাইরে অনুষ্ঠিত আগের একটি কর্মসূচি থেকে মিছিল করে ইউনিয়ন স্কয়ারে আসেন। সেখানে তারা ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফের বিরুদ্ধে স্লোগান দেন।
কিছু বিক্ষোভকারী ইসরায়েলি পতাকা বহনকারী এক ব্যক্তিকে ধাওয়া করেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগে একই দিন মামদানির একটি বিবৃতি নিয়ে ইহুদি নেতারা তার সমালোচনা করেন। ৭ অক্টোবরের হামলার তৃতীয় বার্ষিকী উপলক্ষে দেওয়া ওই বিবৃতিতে মামদানি হামলায় ১ হাজার ১০০-এর বেশি ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হওয়ার কথা উল্লেখ করেন। পাশাপাশি হামাসের নেতৃত্বাধীন ওই হামলার পর গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগের ওপরও গুরুত্ব দেন তিনি।
এ নিয়ে ইহুদি নেতাদের পাশাপাশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদেরও সমালোচনার মুখে পড়েন নিউ ইয়র্কের মেয়র। তবে ওই বিক্ষোভে সহিংসতা বা গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।




