আশির দশকের প্রযুক্তিতে চলছে আধুনিক যুক্তরাষ্ট্রের আকাশপথ
- সাইবার হামলা ও যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা

আকাশপথে ছন্দপতন। হঠাৎ যান্ত্রিক ত্রুটি। যুক্তরাষ্ট্র জুড়ে সব উড়োজাহাজের ডানা গুটিয়ে নেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। কখন উড়বে— অজানা সেই প্রতীক্ষায় বিমানবন্দরের নির্জন প্রান্তরে এক নিরুপায় যাত্রী -রয়টার্স
প্রযুক্তির দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে প্রশ্ন নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, সাইবার প্রযুক্তি কিংবা সামরিক সক্ষমতায় দেশটি বিশ্বের অন্যতম পরাশক্তি। অথচ সেই যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ন্ত্রণব্যবস্থাই এখন প্রযুক্তিগত দুর্বলতার কারণে বড় ধরনের ঝুঁকির মুখে। চলছে আশির দশকের প্রযুক্তিতে! শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউজের এক জরুরি প্রেস ব্রিফিংয়ে খোদ পরিবহনমন্ত্রীর মুখ থেকেই বেরিয়ে এসেছে গা শিউরে ওঠা এ সত্য!
এদিন টানা সাড়ে চার ঘণ্টার জন্য যুক্তরাষ্ট্র জুড়ে বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। বিপাকে পড়েন লাখ লাখ যাত্রী। দেশটির বিমান চলাচলব্যবস্থার এ বিপর্যয় নতুন করে প্রশ্ন তুলেছে, বিশ্বের প্রযুক্তিগত নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্র কেন এখনো পুরনো যোগাযোগ ও নিয়ন্ত্রণব্যবস্থার ওপর নির্ভরশীল?
প্রাথমিকভাবে জানা গেছে, পুরনো যোগাযোগ অবকাঠামোর প্রযুক্তিগত সমস্যায় বিমান নিয়ন্ত্রণব্যবস্থায় অস্থিতিশীলতা তৈরি হয়েছিল। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
কিন্তু ঘটনাটি কি শুধুই একটি প্রযুক্তিগত ত্রুটি? নাকি যুক্তরাষ্ট্রের বিমান নিরাপত্তাব্যবস্থার গভীরে থাকা দুর্বলতার সতর্কবার্তা? বিশ্লেষকদের উদ্বেগের জায়গা এখানেই। কারণ দেশটির আকাশপথে প্রতিদিন বিপুলসংখ্যক উড়োজাহাজ চলাচল করে। এত বড় একটি ব্যবস্থার যোগাযোগ, নজরদারি ও নিয়ন্ত্রণ প্রযুক্তি পুরনো থাকলে সামান্য ত্রুটিও জাতীয় পর্যায়ে বিপর্যয় তৈরি করতে পারে। এ বিপর্যয়ের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো বিমান চলাচল নিয়ন্ত্রণে এখনো পুরনো প্রযুক্তির ব্যবহার।
পরিবহনমন্ত্রী শন ডাফির তথ্য অনুযায়ী, এফএর ব্যবস্থায় ১৯৮০-এর দশকের তামার তারনির্ভর যোগাযোগপ্রযুক্তি এবং পুরনো সুইচ ও রাউটার ব্যবহার করা হচ্ছে। অথচ আধুনিক বিমান চলাচলব্যবস্থায় ফাইবার অপটিক নেটওয়ার্ক, দ্রুতগতির তথ্য আদান-প্রদান এবং উন্নত নজরদারি প্রযুক্তি ব্যবহৃত হয়। পুরনো অবকাঠামোর কারণে রক্ষণাবেক্ষণও কঠিন হয়ে পড়ছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ পাওয়া কঠিন হচ্ছে। একই সঙ্গে এসব প্রযুক্তি পরিচালনায় অভিজ্ঞ কর্মীর সংখ্যাও কমছে।
সরকারি নিরীক্ষায় এফএর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থার বড় একটি অংশকে পুরনো, অকার্যকর অথবা ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ সমস্যা শুধু প্রযুক্তির বয়সে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে আধুনিকায়ন পিছিয়ে থাকায় পুরো ব্যবস্থার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।
কতটা সুরক্ষিত মার্কিন আকাশপথ?
ঐতিহাসিক এ বিপর্যয়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এটি কি কোনো সাইবার হামলার ফল? যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, প্রাথমিক তদন্তে সাইবার হামলা কিংবা বিদেশি কোনো শত্রুপক্ষের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটিকে আপাতত টেলিযোগাযোগব্যবস্থার বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।
তবে বিমান চলাচলব্যবস্থায় সাইবার নিরাপত্তার ঝুঁকি রয়েছে। বিশেষ করে জিপিএস জ্যামিং, স্পুফিং এবং যোগাযোগ নেটওয়ার্কে আক্রমণ বড় উদ্বেগের বিষয়। জিপিএস জ্যামিংয়ের মাধ্যমে স্যাটেলাইট সংকেত বাধাগ্রস্ত করা সম্ভব। অন্যদিকে স্পুফিংয়ের মাধ্যমে নকল সংকেত পাঠিয়ে উড়োজাহাজের অবস্থান সম্পর্কে ভুল তথ্য তৈরি করা যায়। এ ছাড়া বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের যোগাযোগ নেটওয়ার্কে সাইবার আক্রমণ হলে পাইলট ও নিয়ন্ত্রকদের মধ্যে তথ্য আদান-প্রদান ব্যাহত হতে পারে।
এ ধরনের ঘটনা ঘটলে উড়োজাহাজের অবস্থান নির্ধারণ, গতিপথ নিয়ন্ত্রণ এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে। তবে ১৩ নভেম্বরের ঘটনার সঙ্গে এসব হামলার কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি। প্রযুক্তিগত ত্রুটি এবং সম্ভাব্য সাইবার হুমকিকে আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে।
আধুনিকায়নে ৫০ বিলিয়ন ডলার চান পরিবহনমন্ত্রী
বিমান চলাচলব্যবস্থার এ দুর্বলতা কাটাতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজনীয়তা সামনে এসেছে। পরিবহনমন্ত্রী শন ডাফি এফএর প্রযুক্তি আধুনিকায়নে কংগ্রেসের কাছে অতিরিক্ত ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছেন। এর আগে আধুনিকায়ন কর্মসূচির জন্য ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল।
নতুন অর্থ দিয়ে পুরনো যোগাযোগব্যবস্থা পরিবর্তন, ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন, আধুনিক রাডার ও রেডিও প্রযুক্তি সংযোজন এবং বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শুধু অর্থ বরাদ্দ করলেই সমস্যার সমাধান হবে না। প্রকল্পের বাস্তবায়ন, সময়সীমা এবং প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। অতীতে আধুনিকায়নের উদ্যোগ ধীরগতিতে এগোনোর অভিজ্ঞতা রয়েছে।



