বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির খবরে স্বস্তিতে বিশ্বের জ্বালানি তেলের বাজার। গত তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম কমে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অয়েলপ্রাইস ডট কমের তথ্য বলছে, বাংলাদেশ সময় বুধবার দুপুর দেড়টায় ব্রেন্ট ক্রুডের দাম কমে দাঁড়িয়েছে ৭৮.৪৫ ডলারে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তখন প্রতি ব্যারেলের দাম ছিল প্রায় ১২০ ডলার।
গত সোমবার ভোররাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হবে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চুক্তির আওতায় ইরান তাৎক্ষণিকভাবেই বাজারে তেল বিক্রি শুরু করতে পারবে। এই খবরের পরেই স্বস্তি ফিরতে শুরু করে বিশ্বের তেলের বাজারে।




