ড্রোন হামলার আশঙ্কায় যুদ্ধবিমান সরাচ্ছে যুক্তরাজ্য

ইংল্যান্ডের কনিংসবির আরএএফ ঘাঁটি থেকে অভিযান পরিচালনা করছে ব্রিটিশ বিমানবাহিনীর টাইফুন যুদ্ধবিমান। ছবি: আলজাজিরা
রাশিয়া ও ইরানের ড্রোন হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের বিমানঘাঁটিগুলোতে যুদ্ধবিমানের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এ জন্য রাতে যুদ্ধবিমানগুলো নিরাপদ হ্যাঙ্গার ও শেল্টারে সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি খোলা জায়গায় থাকা যুদ্ধবিমানের সুরক্ষায় বসানো হবে বিশেষ জাল। বুধবার যুক্তরাজ্যের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টাইমস ও স্কাই নিউজ জানায়, সম্ভাব্য ড্রোন হামলা থেকে যুদ্ধবিমান রক্ষায় এ পদক্ষেপ নিচ্ছে দেশটির বিমানবাহিনী। তবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেনি। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘আমাদের ঘাঁটি, সরঞ্জাম ও সদস্যদের নিরাপত্তাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় আমরা সব সময় নিজেদের প্রস্তুতি ও ব্যবস্থা পরিবর্তন করছি।’
লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক জাস্টিন ব্রঙ্ক আলজাজিরাকে বলেন, ড্রোন হামলার আশঙ্কা সম্পর্কে গোয়েন্দা তথ্য থাকলে বিমানবাহিনীর এমন পদক্ষেপ হবে ‘যৌক্তিক ও বিচক্ষণ সিদ্ধান্ত’।
ব্রঙ্ক জানান, যুদ্ধবিমান পরিচালনার প্রধান ঘাঁটি কনিংসবি, মারহাম ও লসিমাউথে স্নায়ুযুদ্ধের সময় নির্মিত শক্তিশালী শেল্টার এখনো ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। এসব স্থাপনায় যুদ্ধবিমান রাখা, সুরক্ষা দেওয়া এবং সীমিত পরিসরে রক্ষণাবেক্ষণের কাজ করা সম্ভব।
তবে প্রতিটি বিমানঘাঁটির সব যুদ্ধবিমান রাখার মতো পর্যাপ্ত শেল্টার নেই। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর বিমানবাহিনীর বিভিন্ন বহরকে কয়েকটি বড় ঘাঁটিতে কেন্দ্রীভূত করে ফেলা হয়। তখন এ ধরনের সুরক্ষার প্রয়োজনীয়তা কমে গেছে বলে মনে হয়েছিল। ফলে পর্যাপ্ত শেল্টার নির্মাণ ও সংরক্ষণ করা হয়নি বলে মন্তব্য করেন ব্রঙ্ক।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ৪৭ কোটি পাউন্ড বিনিয়োগ করা হচ্ছে। এর আওতায় স্থাপনার সুরক্ষা, নজরদারি এবং ড্রোন প্রতিরোধব্যবস্থা উন্নত করা হবে। এরই মধ্যে ড্রোন ও ড্রোন প্রতিরোধ প্রযুক্তিতে ব্যয় করা হয়েছে দেড় কোটি পাউন্ড। পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীর ৪৪টি গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর ঘোষণা করা হয়েছে সীমিত আকাশসীমা।
রাশিয়া ও ইরানের সম্ভাব্য হুমকি নিয়ে নিয়মিত সতর্কবার্তা দিয়ে আসছে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ। বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় দেশটির জনগণকে প্রস্তুত থাকার আহ্বানও জানিয়েছে সরকার। গত অক্টোবর মাসে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা এক প্রতিবেদনে সতর্ক করে বলেন, ন্যাটোর কোনো সদস্যদেশের ওপর রাশিয়া হামলা চালালে তা মোকাবিলার প্রস্তুতি নিতে যুক্তরাজ্যের সামরিক বাহিনীকে ব্যাপক অগ্রগতি অর্জন করতে হবে।
মঙ্গলবার যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ সতর্কবার্তায় জানায়, ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহকারী যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে রাশিয়ার নাশকতামূলক তৎপরতা বাড়ছে।
জাস্টিন ব্রঙ্ক বলেন, ছোট ড্রোন হামলা থেকে সুরক্ষিত থাকবে সাধারণ বিমান হ্যাঙ্গারে রাখা যুদ্ধবিমান। তবে পরিস্থিতি পাল্টে যাবে রাশিয়ার তৈরি গেরান-২, গেরান-৩ ও গেরান-৪ মডেলের বড় আকারের অ্যাটাক ড্রোন ব্যবহার করলে। এসব ড্রোনের হামলা থেকে যুদ্ধবিমান রক্ষায় প্রয়োজন হবে শক্তিশালী শেল্টার।
ব্রঙ্কের ভাষ্য, শক্তিশালী শেল্টারগুলো পুরোনো হলেও, যুদ্ধকালীন সময়ে এটিই তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ, সাশ্রয়ী ও কার্যকর উপায়। পুরু কংক্রিটের দেয়াল ও বিস্ফোরণ প্রতিরোধী দরজার কারণে এসব আশ্রয়কেন্দ্র ড্রোন হামলা থেকে প্রায় সম্পূর্ণ সুরক্ষা দেয়। এমনকি কোনো ক্রুজ মিসাইল প্রতিহত করা না গেলেও সরাসরি আঘাতে সর্বোচ্চ একটি যুদ্ধবিমান ধ্বংস হতে পারে।
এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটির ওপর অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর সম্ভাব্য তৎপরতার খবর পেয়ে সেখানে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানও রয়েছে। পূর্ব ইংল্যান্ডের বিমানবাহিনীর লেকেনহিথ ঘাঁটিতে ওই ঘটনায় কোনো সামরিক সদস্য, যুদ্ধবিমান বা অবকাঠামোর ক্ষতি হয়নি বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের বিমানবাহিনীর ফেয়ারফোর্ড ঘাঁটিকে ঘিরে ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ব্যবহৃত ওই ঘাঁটির কাছের একটি গ্রামে তিনটি গাড়ি নিয়ে যায় একদল ব্যক্তি। পরে গাড়িগুলো ফেলে রেখে যায় তারা। গাড়িগুলোর ভেতরে পেট্রলভর্তি পাত্র পাওয়া যাওয়ায় বোমা হামলার আশঙ্কা তৈরি হয় এবং ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র এই বিমানঘাঁটি ব্যবহার করেছিল। সেপ্টেম্বরের ওই ঘটনার কয়েক দিন পর ঘাঁটি থেকে তাদের সব বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় যুক্তরাজ্যের আদালতে দুজন এবং যুক্তরাষ্ট্রে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া ইরানের হুমকির পর গত ৯ নভেম্বর লেকেনহিথের কাছের রাজকীয় বিমানবাহিনীর মিলডেনহল ঘাঁটি থেকেও যুক্তরাষ্ট্রের সামরিক বিমান সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল ও ফিন্যান্সিয়াল টাইমস।
সূত্র : আলজাজিরা





