ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে যোগ দিতে পারেন কিম জং উনও

২০১৯ সালে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার পানমুনজোমে দুই কোরিয়াকে বিভক্তকারী অসামরিক অঞ্চলে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন— রয়টার্স
অর্থনৈতিক সহযোগিতা, বিশ্ব জুড়ে চলমান সংঘাত এবং পারমাণবিক অস্ত্র নিয়ে ধারাবাহিক দুটি সম্মেলনে অংশ নিতে এশিয়া সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বিশ্বের নজর এখন এই ঐতিহাসিক বৈঠকের দিকেই। তবে ফিলিপাইনের উদ্দেশে হোয়াইট হাউস ছাড়ার কয়েক ঘণ্টা আগে নতুন এক সম্ভাবনার কথা বলে আলোচনার উত্তাপ আরও বাড়িয়ে দেন ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও তাদের সঙ্গে বৈঠকে যোগ দিতে পারেন।
ট্রাম্প বললেন, ‘শি (জিন পিং) এক মাস আগে এখানে এসেছিলেন। আমরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করব। কিম জং উনের সঙ্গেও হয়তো দেখা হতে পারে।’
তার ভাষায়, ‘এটা ভালো হবে। অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে আমাদের।’ তবে কিমের বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি বেইজিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
সফরের আলোচ্যসূচিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নানা বিষয় থাকলেও এনভিডিয়া কেলেঙ্কারির কারণে সেগুলো আড়ালে পড়ে যেতে পারে।
চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর গত সপ্তাহে পদত্যাগ করতে বাধ্য হন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। ক্ষমতাচ্যুত এই প্রযুক্তি নির্বাহীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত মে মাসে ট্রাম্পের সর্বশেষ চীন সফরের সময় এয়ার ফোর্স ওয়ানেও তার সঙ্গে ছিলেন হুয়াং।
তবে ওই গুপ্তচরবৃত্তির অভিযোগ নিয়ে ট্রাম্প সরাসরি শি জিন পিংয়ের সঙ্গে কথা বলবেন না বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এ কথা জানিয়েছেন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
আসিয়ান সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছানোর কথা ট্রাম্পের। এরপর বুধবার রাতে দক্ষিণ চীনের শেনজেনের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে দুই দিনের এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরাম অনুষ্ঠিত হবে। সম্মেলনের শেষ দিকে প্রথমবারের মতো শি জিন পিং, ট্রাম্প ও পুতিনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা হওয়ার কথা রয়েছে।
হোয়াইট হাউসের এক মুখপাত্র বললেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়েও তিনি আলোচনা করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।’
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। ১৯৭০-এর দশকের শুরুর পর এই প্রথম নতুন কোনো চুক্তি নিয়ে আলোচনা চলা ছাড়াই দেশ দুটির পারমাণবিক অস্ত্রের মজুদের ওপর আইনগতভাবে বাধ্যতামূলক কোনো সীমা থাকছে না।
বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে। এরপরই রয়েছে চীন।
জাতিসংঘ দীর্ঘদিন ধরে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়ে আসছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ব জুড়ে পারমাণবিক অস্ত্রের ঝুঁকিও বাড়ছে।
আসিয়ান সম্মেলনে যোগ দিতে বর্তমানে ম্যানিলায় থাকা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার বললেন, ‘পারমাণবিক নিরস্ত্রীকরণের কোনো কর্মসূচি থাকলে আমরা তাতে পূর্ণাঙ্গভাবে যুক্ত হতে এবং সেটিকে সফল করতে অবদান রাখতে প্রস্তুত।’
পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় ইরান যুদ্ধের বিষয়টিও গুরুত্ব পাবে। কারণ চীন ও রাশিয়া উভয়েরই কৌশলগত অংশীদার ইরান।
আসিয়ানের নেতারা দক্ষিণ চীন সাগর ও মিয়ানমারসহ বিভিন্ন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান আবারও জানাতে পারেন। একই সঙ্গে বৈশ্বিক সংঘাতের প্রভাবে নিজেদের অর্থনীতি ও নাগরিকদের সুরক্ষায় উদ্যোগ নেওয়ার ওপর জোর দেবেন তারা। এর মধ্যে পারস্য উপসাগরে হরমুজ প্রণালি অবরোধের মতো ঘটনাও রয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ম্যানিলায় অবস্থানকালে থাইল্যান্ডের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। এ ছাড়া সম্মেলনের ফাঁকে মার্কিন কর্মকর্তারা ‘কোয়াড’ বা চতুর্দেশীয় নিরাপত্তা সংলাপের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এই জোটে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র।
মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়কর ফলের পর এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য দেখাতে চাইবেন ট্রাম্প। ওই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে তার দল রিপাবলিকান পার্টি।
এপেকবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত কার্ট টং ব্লুমবার্গকে বললেন, ‘প্রেসিডেন্ট নিঃসন্দেহে এই সফরকে নিজের নেতৃত্ব ও কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রনায়কোচিত দক্ষতা তুলে ধরা এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান জাহির করার কাজে ব্যবহার করতে চাইবেন।’
শি জিন পিংয়ের সঙ্গে বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন ট্রাম্প।
তবে চীনে অনুষ্ঠেয় এই বৈঠক থেকে বড় কোনো অগ্রগতির প্রত্যাশা কম। বৈঠকের পর কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ তথ্য জানিয়েছে এপি ও রয়টার্স।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক গ্রেগ পোলিং পিবিএস নিউজকে বললেন, ‘চীনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন প্রত্যাশা কমিয়ে রাখার চেষ্টা করছে। ট্রাম্প ও শি জিন পিংয়ের মধ্যে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হবে না।’
তিনি আরও বলেছেন, ‘মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল হয়েছে। এমন পরিস্থিতিতে চীনও কোনো ছাড় দিতে আগের চেয়ে কম আগ্রহী হতে পারে।’
এই সম্মেলনগুলোতে আলোচনার অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে থাকবে এআই সরবরাহব্যবস্থা ও এর পরিচালনা, শুল্ক কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তর।
সূত্র : দ্য ইনডিপেনডেন্ট




