কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা হবে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা হবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য সামরিক পদক্ষেপের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি বলব, কিউবা ও আমরা একটি সমঝোতায় পৌঁছাব। আমার মনে হয় না, আমাদের সামরিক বাহিনীর প্রয়োজন হবে।’
ট্রাম্প প্রশাসন প্রকাশ্যেই জানিয়েছে, তাদের লক্ষ্য কিউবার সরকার পরিবর্তন করা। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আরোপ করা তেল অবরোধে দেশটি বড় ধরনের চাপে পড়েছে। জ্বালানির সংকটের পাশাপাশি দুর্বল অবকাঠামোর কারণে বিদ্যুৎ বিভ্রাটও বেড়েছে।
শনিবার টেনেসি যাওয়ার আগে ট্রাম্প বলেন, ‘আমরা কিউবাকে সহায়তা করতে চাই। আমরা কিউবাকে আমাদের জনগণের জন্য উন্মুক্ত করতে চাই।’
মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প কিউবাকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘কিউবায় স্বাধীনতা আসছে।’ ওই ভাষণের সময় জাতিসংঘের অধিবেশনস্থল থেকে কিউবার প্রতিনিধিদল বেরিয়ে যায়।
পরে শনিবার জাতিসংঘে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কিউবার দরজা সব সময় খোলা থাকবে। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সরাসরি কোনো উল্লেখ করেননি তিনি।
রদ্রিগেজ বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্যিক ও ব্যবসায়িক সম্পর্কের জন্য উন্মুক্ত। অন্য যেকোনো দেশের ক্ষেত্রেও আমরা একই নীতি অনুসরণ করি।’ একই সঙ্গে কিউবার ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান তিনি।
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছয় দশকেরও বেশি সময় ধরে বহাল রয়েছে। চলতি বছর দেশটির ওপর চাপ আরও বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে জানুয়ারিতে সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছিল যুক্তরাষ্ট্র।




