পণ্য কিনতে নিষেধ করেও ভাইরাল সিউলের ‘স্কার্ফ ম্যান’

সংগৃহীত ছবি
সাধারণত দোকানিরা ক্রেতাদের আকৃষ্ট করতে পণ্যের গুণগান করেন। কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের এক বিক্রেতা করছেন ঠিক উল্টো কাজ। নিজের দোকানের পণ্য কিনতে ক্রেতাদের নিরুৎসাহিত করেন তিনি। এমনকি পণ্যগুলোকে বাজে বলতেও দ্বিধা করেন না। তার এই ব্যতিক্রমী আচরণই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে রাতারাতি তারকা বানিয়েছে। সিউলের ঐতিহ্যবাহী নামদেমুন বাজারের এই বিক্রেতা এখন পরিচিত ‘নামদেমুন স্কার্ফ ম্যান’ নামে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে ক্রেতাদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা কি জানতেন না, এখানে শুধু বাজে জিনিসপত্র বিক্রি হয়? আপনারা কি কুকুরের ঘরের জন্য স্কার্ফ কিনতে এসেছেন?’ মূলত ক্রেতাদের সঙ্গে রসিকতা ও ঠাট্টা করেই এমন কথা বলেন তিনি। মাঝেমধ্যে ব্যবসা ছেড়ে দেওয়ার কথাও জানান। তার এই মজার কথাবার্তাই ক্রেতাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে।
তার দোকানে ১০ হাজার কোরীয় ওনে (প্রায় ৮৭৫ টাকা) ছয়টি স্কার্ফ পাওয়া যায়। তবে ক্রেতাদের মূল আকর্ষণ স্কার্ফ নয়, বিক্রেতা নিজেই। ইনস্টাগ্রামে ইতিমধ্যে তার অনুসারীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। জনপ্রিয়তা কাজে লাগিয়ে অনলাইন দোকানও খুলেছেন তিনি। কিন্তু প্রথম চালানের সব পণ্য ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে যায়। অর্ডারের চাপ সামলাতে না পেরে পরে ক্রেতাদের অর্ডার বাতিল করার অনুরোধ জানান তিনি।
তাকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। সিউলের অন্য প্রান্ত থেকে আসা আন হিয়ো-সুন নামের এক নারী জানান, স্কার্ফ ম্যানের কণ্ঠ শুনে তিনি ভেবেছিলেন, দোকানেই আছেন তিনি। কিন্তু দেখা না পেয়ে কিছুটা হতাশ হন। অন্যদিকে, ইনচন থেকে প্রায় দেড় ঘণ্টা ভ্রমণ করে আসা ক্রেতা চো ইউন-সুক বলেন, ‘স্কার্ফ নিয়ে আমার বিশেষ আগ্রহ নেই। আমি শুধু ওই মানুষটিকে দেখতে চাই। তার কথা বলার ধরনে অদ্ভুত এক মায়া আছে।’
এত জনপ্রিয়তার পরও স্কার্ফ ম্যানের প্রকৃত নাম ও পরিচয় এখনো অজানা। সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে শুধু জানিয়েছেন, তার স্ত্রী ও সন্তান রয়েছে। কখন দোকান খুলবেন, সেটিও রহস্য। সিএনএনের প্রতিনিধিরা টানা তিন দিন তার দোকানে গিয়ে শেষ দিন অল্প সময়ের জন্য দেখা পান। তবে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিতে রাজি হননি তিনি। পণ্য কিনতে নিষেধ করলেও দোকানের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি বলছে, তার কথায় মোটেও কান দিচ্ছেন না ক্রেতারা।




