ইমরান খানের আরও দুই বোন আটক

ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজি। ফাইল ছবি / রয়টার্স
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন উজমা খান ও নরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে।
সোমবার লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয় তাদের আটক রাখার আদেশ দিয়েছে। উজমা ও নরিনকে লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে রাখার কথা বলা হয়েছে।
এর এক দিন আগে ইমরানের আরেক বোন আলিমা খানকেও ৩০ দিনের জন্য আটক করা হয়। পাঞ্জাবের জনশৃঙ্খলা আইন বা এমপিওর আওতায় তাদের আটকের আদেশ দেওয়া হয়েছে।
ডিসির আদেশে বলা হয়েছে, উজমা ও নরিন জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি। তাদের বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে পিটিআইয়ের বিক্ষোভে অংশ নেওয়া এবং কর্মীদের সরকারি ও জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করার অভিযোগ রয়েছে।
পিটিআইয়ের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেছেন, উজমা ও নরিনকে তাদের সন্তানদের সঙ্গে নিয়ে আটক করে সাঁজোয়া গাড়িতে অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে।
দলটি এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং একে রাজনৈতিক হয়রানি ও মৌলিক অধিকারের লঙ্ঘন বলে দাবি করেছে। ইমরানের ছেলে কাসিম খানও তাদের ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
ইমরানের বোনদের আটকের ঘটনা পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী মার্চের আগে ঘটল।
ওই কর্মসূচিতে ইমরানের মুক্তি ও সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবি জানিয়েছে দলটি। এ কর্মসূচিকে ঘিরে পাঞ্জাব ও ইসলামাবাদে পিটিআই নেতা-কর্মীদের আটকের খবরও পাওয়া গেছে।
সূত্র : ডন




