জীবনের নতুন ইনিংসে ইমরান খানের জেমিমা

জীবনের নতুন ইনিংস শুরু করলেন ক্রিকেটের ২২ গজের নায়ক ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। ইমরান খানের সঙ্গে বিচ্ছেদের ২২ বছর পর ৫২ বছরের জেমিমা গোল্ডস্মিথ বাকি জীবন কাটানোর জন্য বেছে নিলেন বিনিয়োগ ব্যবসায়ী ক্যামেরন ও’রাইলিকে। গত সোমবার জেমিমার ভাইয়ের স্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টের বরাতে এ সংবাদ জানিয়েছে জিও নিউজ।
তার স্বামী ৬২ বছরের ক্যামেরন ও’রাইলি শুধু একজন ধনী বিনিয়োগ ব্যবসায়ী নন, অস্ট্রেলিয়ার মিডিয়া জগতের একজন প্রভাবশালী ব্যক্তিও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা ক্যামেরন সাবেক রাগবি খেলোয়াড় স্যার অ্যান্থনি ও’রাইলির ছেলে।
জেমিমা গোল্ডস্মিথ চলচ্চিত্র প্রযোজনা ও চিত্রনাট্য লেখার পাশাপাশি কাজ করেছেন টেলিভিশনেও। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য ক্লিনটন অ্যাফেয়ার’ ও ‘ইমপিচমেন্ট: আমেরিকান ক্রাইম স্টোরি’। দুটি কাজই এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিল। ২০২২ সালে তার প্রযোজিত ‘হোয়াট’স লাভ গট টু ডু উইথ ইট?’ সিনেমাটি যুক্তরাজ্যের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসে জেতে চারটি পুরস্কার।
১৯৯৫ সালে ইমরান খানের সঙ্গে বিয়ে হয় জেমিমা গোল্ডস্মিথের। তাদের ঘরে জন্ম নেয় দুই ছেলে সোলাইমান ও কাসিম খান। পরে ইমরান খান রাজনীতিতে জড়িয়ে পড়লে জেমিমা ও ছেলেদের নিরাপত্তার জন্য ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ ঘটান এই দম্পতি।
বিবাহবিচ্ছেদ ঘটলেও একে অন্যের পাশে সবসময় থেকেছেন ইমরান-জেমিমা। জেমিমার সঙ্গে বিচ্ছেদের পর আরও দুবার বিয়ে করেন ইমরান খান। জেমিমাও জড়িয়েছিলেন একাধিক প্রেমের সম্পর্কে। এরপরও তাদের সম্পর্কে তিক্ততা আসেনি কখনো।
গত মাসে জেমিমা ব্রিটিশ সরকারের কাছে প্রকাশ্যে আহ্বান জানালেন ইমরান খানের কারাবাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। তিনি ইমরান খানকে এভাবে বন্দি করে রাখাকে মানবাধিকার সংকট হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি ইমরান খানের স্বাস্থ্য, একাকী কারাবাস ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন।
ইমরান খানের ছেলেরা বাবার মুক্তির জন্য সোচ্চার হলে জেমিমা #FreeImranKhan লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানদেরসহ ছবি পোস্ট করেন।
ইমরান খানের মুক্তি দাবিতে চলমান বিভিন্ন প্রচার-প্রচারণার কারণে পাকিস্তানের রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে ইমরান খানের দুই ছেলে সোলাইমান ও কাসিম। জেমিমার সঙ্গে আইরিশ-অস্ট্রেলীয় ক্যামেরন ও’রাইলির বিয়ের মধ্য দিয়ে তারাও পেলেন পরিবারে নতুন সদস্য।



