তেলের দাম বাড়াল পাকিস্তান, আজ থেকে কার্যকর

সংগৃহীত ছবি
পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি এক ধাক্কায় ২৬ রুপি ৭৭ পয়সা বাড়ানো হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে মূল্যবৃদ্ধির এই ঘোষণা দেয় দেশটির পেট্রোলিয়াম বিভাগ।
নির্দেশনা অনুযায়ী, নতুন এই দাম আজ ২৫ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত তা বহাল থাকবে।
মূল্যবৃদ্ধির ফলে দেশটিতে এখন প্রতি লিটার ডিজেলের দাম ৩৫৩ রুপি ৪২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৮০ রুপি ১৯ পয়সা। অন্যদিকে, পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৩ রুপি ৩৫ পয়সা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পাকিস্তান সরকার প্রতি শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করে আসছে।
গত সপ্তাহের পর্যালোচনায় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ডিজেলের দাম লিটারপ্রতি ৩২ রুপি ১২ পয়সা কমানোর ঘোষণা দিলেও পেট্রোলের দাম অপরিবর্তিত রেখেছিলেন। তবে এবার উভয় জ্বালানির দামই বাড়ানো হলো।
সূত্র: জিও নিউজ।



