পাকিস্তানে ইমরান খানের বোন গ্রেপ্তার

ছবি: রয়টার্স
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র রবিবার এ কথা জানিয়েছেন। আগামী ২৭ সেপ্টেম্বর দলটির পরিকল্পিত বিক্ষোভ মিছিলের আগে তাকে গ্রেপ্তার করা হলো।
লাহোরের জেলা প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসন বলেছে, ‘গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, কোনো জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করবে।’
ইমরান খানের মুক্তির দাবিতে আগামী সপ্তাহে ইসলামাবাদ অভিমুখে মিছিলের আয়োজন করেছে তার দল।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি শনিবার বলেছেন, বিক্ষোভ মিছিল ঠেকাতে সরকার সম্ভাব্য সবকিছু করবে।
ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি তার বোনকে গ্রেপ্তারের ঘটনাকে ‘একেবারেই নিন্দনীয়’ বলে বর্ণনা করেছেন।
তিনি বললেন, ‘২৭ তারিখের বিক্ষোভের ভয় যে স্পষ্টভাবেই তাদের ওপর প্রভাব ফেলছে, তা বোঝা যাচ্ছে।’




