উষ্ণতার নতুন রেকর্ড
টানা ছয় দিন ২ ডিগ্রির বেশি উষ্ণ পৃথিবী
- সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি ২.২৪ ডিগ্রি সেলসিয়াস
- জীবাশ্ম জ্বালানি ও এল নিনোর প্রভাবে বাড়ছে উষ্ণতা
- জলবায়ু পরিবর্তনে খাদ্য, পানি ও জনস্বাস্থ্য ঝুঁকিতে

সংগৃহীত ছবি
প্রথমবারের মতো টানা ছয় দিন ধরে বিশ্বের গড় তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঁচুতে রয়েছে। গত সোমবার দৈনিক বৈশ্বিক ভূপৃষ্ঠের তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে এ সব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রার এই রেকর্ড প্যারিস জলবায়ু চুক্তির সর্বোচ্চ সীমা অতিক্রম করার প্রমাণ নয়। তবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করা না গেলে ভবিষ্যতে বিশ্বকে আরও ভয়াবহ উষ্ণতার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে বিশ্ব উষ্ণায়নের গতি বাড়ছে কি না, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিষেবার জলবায়ু কৌশল বিভাগের প্রধান সামান্থা বার্জেস বলেন, ‘বিশ্বের তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি ব্যতিক্রমী। কয়েক মাস ধরেই আমরা বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড হতে দেখছি। প্রতিদিন তাপমাত্রায় কিছুটা ওঠানামা থাকলেও এ পর্যায়ের তাপমাত্রা জলবায়ু কতটা উষ্ণ হয়ে উঠেছে, তার স্পষ্ট ইঙ্গিত।’
এর আগে ২০২৩ সালের নভেম্বর ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র দুবার দৈনিক বৈশ্বিক তাপমাত্রা প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়েছিল। তবে ওই দুই সময় তাপমাত্রা এত দীর্ঘস্থায়ী হয়নি, এমনকি এত উচ্চতাতেও পৌঁছায়নি।
যুক্তরাষ্ট্রের বার্কলে আর্থের জলবায়ু গবেষক জেকে হাউসফাদার বলেন, ‘আরেকটি দিন, আরেকটি বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড।’ তিনি জানান, ২০২৩ সালে প্রাক্-শিল্পযুগের তুলনায় ২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির যে রেকর্ড হয়েছিল, তা এবার ছাড়িয়ে গেছে।
মানুষের জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে দীর্ঘদিন ধরে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অস্বাভাবিক শক্তিশালী এল নিনো। এই প্রাকৃতিক জলবায়ু পরিস্থিতি এখন সর্বোচ্চ পর্যায়ের দিকে এগোচ্ছে।
সামান্থা বার্জেস জানান, ১৮৭০-এর দশকে সর্বশেষ এ মাত্রার এল নিনো দেখা গিয়েছিল। তখন এর প্রভাবে ব্যাপক দুর্ভিক্ষ হয়েছিল, যাতে ৫ কোটি মানুষের মৃত্যু হয়। বিজ্ঞানীরা ধারণা করছেন, বর্তমান এল নিনো এখন থেকে আগামী জানুয়ারির মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে এর পূর্ণ প্রভাব অনুভূত হতে আরও কয়েক মাস সময় লাগবে।
বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু ব্যবস্থায় এমন কিছু পরিবর্তন ঘটছে, যা সংকটকে আরও তীব্র করছে। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া ও আমাজনের গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে খরা ও দাবানল।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েক মাসে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে। খরার কারণে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলের গাছপালা কম সক্রিয় হয়ে পড়ছে। ফলে বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণের ক্ষমতা কমে যাচ্ছে।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের হ্যাডলি কেন্দ্রের জলবায়ু প্রভাব গবেষণা বিভাগের প্রধান রিচার্ড বেটস বলেন, ‘জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড জমা হচ্ছে। এই পরিস্থিতি সেই বৃদ্ধি আরও ত্বরান্বিত করবে।’
তিনি জানান, চলতি বছর থেকে আগামী বছর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ প্রতি ১০ লাখ বায়ু কণায় প্রায় ৩ দশমিক ৫ কণা বাড়বে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই বৃদ্ধি এক-তৃতীয়াংশ বেশি। আর বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যমাত্রা অনুযায়ী যে পরিমাণ বৃদ্ধি হওয়া উচিত ছিল, তার প্রায় দ্বিগুণ।
২০১৫ সালে প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রায় ২০০টি দেশ ঐতিহাসিক প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তিতে প্রাক্-শিল্পযুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার চেষ্টা এবং ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখার অঙ্গীকার করা হয়।
তবে চলতি মাসে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন ব্যর্থ হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, বিশ্ব উষ্ণায়নের গতি আরও বাড়ছে।
তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়াজনিত দুর্যোগ আরও ভয়াবহ ও প্রাণঘাতী হয়ে উঠছে। চলতি বছরের রেকর্ড গরমে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে মারা গেছেন ৫ হাজার মানুষ।
অতিরিক্ত গরমের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারগুলোর সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন সামান্থা বার্জেস। একদিকে উচ্চ তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে সমাজকে প্রস্তুত করতে হবে, অন্যদিকে দ্রুত গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে।
বার্জেস বলেন, ‘আমাদের অবকাঠামো বর্তমান জলবায়ুর সঙ্গে মানানসই নয়। আমরা ইতিমধ্যে সমস্যায় পড়েছি। এ বছরের গরমে সড়ক গলে গেছে, রেললাইন বেঁকে গেছে, স্কুল বন্ধ রাখতে হয়েছে এবং হাসপাতালগুলো রোগীর চাপে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। সামনে আরও বেশি তাপ আসছে।’
রিচার্ড বেটসও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাজনের মতো অঞ্চলে খরার তাৎক্ষণিক প্রভাব ভয়াবহ হতে পারে। এতে বনে আগুন লাগতে পারে, যার ধোঁয়া মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। পাশাপাশি বনাঞ্চলের বাস্তুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়।’
তিনি আরও বলেন, ‘বিস্তৃতভাবে দেখলে খাদ্য ও পানির সরবরাহ ঝুঁকির মুখে পড়তে পারে। দীর্ঘমেয়াদে কার্বন ডাই-অক্সাইডের দ্রুত বৃদ্ধি আমাদের মনে করিয়ে দিচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বন্ধ না করা পর্যন্ত জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও ভয়াবহ হতে থাকবে।’
সূত্র : দ্য গার্ডিয়ান




