অস্থায়ী রাজধানী এডেনের দিকে এগোচ্ছে হুতিরা, ইয়েমেনি বাহিনীর হামলার জোরদার

ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি সমর্থিত সরকারি বাহিনী সরে যাওয়ার পর ধুবাব থেকে বাব আল-মান্দেব পর্যন্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে হুতিরা, ১৫ নভেম্বর ২০২৬-এর ভিডিও থেকে নেওয়া দৃশ্য। ছবি / রয়টার্স
ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে সৌদিপন্থী ইয়েমেনের সরকারি বাহিনী। দেশটির সেনাবাহিনীর দাবি, বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানো হয়েছে। এতে গোষ্ঠীটির ১৭৩ যোদ্ধা হতাহত হয়েছেন।
অন্যদিকে, ২০১৪ সালে রাজধানী সানার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার দক্ষিণাঞ্চলে অগ্রসর হয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে এগিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।
সোমবার ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানিয়েছেন, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে। এর মধ্যে হুতিদের ওপর ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ৫৩টি ড্রোন হামলা এবং ৬৭টি রকেট হামলা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, এসব হামলায় হুতিদের ৭১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি তাদের বিভিন্ন কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্র, পর্যবেক্ষণ চৌকি এবং প্রতিরক্ষা স্থাপনাও হামলার শিকার হয়েছে।
আল-নুজাইলি আরও জানিয়েছেন, সরকারি বাহিনী ও পপুলার রেজিস্ট্যান্সের যোদ্ধারা তাইজ, মারিব ও আল-জাওফ প্রদেশে হুতিদের তৎপরতা মোকাবিলা করছেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রণাঙ্গনেও অভিযান চলছে। বেসামরিক মানুষ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে সেনাবাহিনী।
তবে সাম্প্রতিক সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান থেকে পিছু হটতে হয়েছে সরকারি বাহিনীকে। কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির কাছের এলাকা ছেড়ে তারা এখন এডেনের প্রতিরক্ষা জোরদারে মনোযোগ দিচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হুতিরা ইয়েমেনের দক্ষিণ উপকূলের খোর ওমাইর এলাকায় অগ্রসর হয়েছে। এলাকাটি এডেন থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। তারা সরকারি বাহিনীর প্রতিরক্ষা অবস্থান কাওয়াহর কাছেও পৌঁছে গেছে।
এতে এডেনের দিকে হুতিদের আরও অগ্রসর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শহরটিতে সরকারি বাহিনী নতুন করে তল্লাশিচৌকি বসিয়েছে। বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।
এদিকে, ইয়েমেনের পার্লামেন্ট সর্বসম্মতভাবে হুতিদের ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার একটি বিল অনুমোদন করেছে। এতে গোষ্ঠীটির কার্যক্রম, অর্থায়ন ও অস্ত্র সরবরাহকে অপরাধ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে।
গত ৫ অক্টোবর সরকারি বাহিনী হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা, বিশেষ করে রাজধানী সানা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে ‘ডন অব ইয়েমেন’ অভিযান শুরু করে। সেই অভিযানের ছয় সপ্তাহের মাথায় নতুন করে সামরিক উত্তেজনা বাড়ল।
সূত্র- আলজাজিরা







