বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কাতারে ১৫তম ইন্টারপা সম্মেলন শুরু

বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কাতারে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমিস -এর ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৬ নভেম্বর) এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়। ১৮ নভেম্বর পর্যন্ত সম্মেলন চলবে।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ একাডেমি এই সম্মেলনের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর (লেখুইয়া) কমান্ডার এবং পুলিশ একাডেমির সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি।
এছাড়া স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ আবদুল আজিজ বিন ফয়সাল বিন মোহাম্মদ আল থানিসহ আরও বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে কাতারে আন্তর্জাতিক পুলিশ একাডেমি সমিতির (ইন্টারপা) ১৫তম সম্মেলন শুরু হয়েছে।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ একাডেমি এবং পুলিশ শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে যোগ দিয়েছেন।
পুলিশ শিক্ষা ও প্রশিক্ষণের মানোন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক নিরাপত্তা চাহিদা মোকাবিলায় তাদের প্রস্তুত করাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
এই সম্মেলনটি বিভিন্ন দেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক সর্বোত্তম অনুশীলন বিনিময়ের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
বর্তমান বিশ্বের পরিবর্তনশীল নিরাপত্তা চাহিদা ও আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কীভাবে আরও প্রস্তুত করা যায়, তা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করছেন।
তাছাড়া, সম্মেলনে দেশে দেশে নিরাপত্তা নিশ্চিতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পুলিশ কর্মীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পুলিশ শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার উন্নতি করা হয়। পুলিশের দক্ষতা আধুনিকীকরণের বিষয়টিও গুরুত্বসহকারে আলোচনা করা হয়।



