‘ইরানি শাসনব্যবস্থাকে নির্মূলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’, ফের ইরানে হামলার ইঙ্গিত নেতানিয়াহুর

ছবি: রয়টার্স
ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানোর পাশাপাশি দেশটির মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করে লেবাননের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কথাও বলেছেন তিনি। তার এই বক্তব্যকে ইরানে নতুন হামলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
এক বিবৃতিতে নেতানিয়াহু বললেন, ‘ইরানের শাসনব্যবস্থাকে নির্মূল করার কাজ সম্পন্ন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে বহুবার আলোচনা করেছি, যার মধ্যে পরশুর আলোচনাও রয়েছে।’
আকস্মিক সফরে সোমবার ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে ইরান নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ।
প্রধানমন্ত্রীর মুখপাত্র ডোরন স্পিলম্যান নিশ্চিত করেছেন, দক্ষিণ নেগেভ মরুভূমি অঞ্চলের উভদা বিমানঘাঁটিতে তদের এ বৈঠক হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে স্পিলম্যান জানান, বৈঠকে নেতানিয়াহু ও হেগসেথ ‘অঞ্চলটির হুমকিগুলো’ এবং এসব হুমকি মোকাবিলায় আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক—উভয় ধরনের পদক্ষেপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন।
এদিকে, লেবানন সীমান্তবর্তী ইসরায়েলি শহরগুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বললেন, ‘মিশন সম্পন্ন করার অর্থ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। কারণ, এটিই এই বিষাক্ত অক্টোপাসের মাথা। আমরা যদি মাথাটি কেটে ফেলতে পারি, তাহলে পুরো প্রাণীটিরই পতন ঘটবে।’
তিনি বলেছেন, ‘এর স্বাভাবিক পরিণতি হিসেবেই হিজবুল্লাহর নির্মূল ঘটবে।’
নেতানিয়াহুর দাবি, ইসরায়েল ইতিমধ্যে ভূগর্ভে ও ভূ-পৃষ্ঠে থাকা সব বড় ধরনের সন্ত্রাসী অবকাঠামো কার্যত ধ্বংস করে দিয়েছে।
তবে ইরানের সরকার টিকে থাকা পর্যন্ত, ‘এমনকি তারা পরাজিত বা ক্ষতিগ্রস্ত হলেও’, দেশটি এক বছর আগে যা করার চেষ্টা করেছিল, তা আবারও করার চেষ্টা করবে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তার দাবি, সে সময় ইসরায়েল ইরানের সেই চেষ্টা ঠেকাতে সক্ষম হয়েছিল। ইরান পারমাণবিক বোমা তৈরি এবং তাদের ‘অক্ষ’ পুনর্গঠনের চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, দেশটি ‘লেবাননের সঙ্গেও শান্তি প্রতিষ্ঠা করবে’। তবে এর আগে ‘ইরানের শাসনব্যবস্থা নির্মূল করতে হবে’ বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: আলজাজিরা




