গোপন সফরে ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক মার্কিন যুদ্ধমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফাইল ছবি / রয়টার্স
অঘোষিত সফরে ইসরায়েল গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। আগামী সপ্তাহে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের আগে এই বৈঠক হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হেগসেথ ও দীর্ঘদিনের ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে বৈঠক হয়। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এ বিষয়ে আল জাজিরার কাছে মন্তব্য করতে রাজি হননি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র।
হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় অবস্থানরত মার্কিন সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও এশিয়ার কয়েকটি অঞ্চল এই কমান্ডের আওতায় রয়েছে।
ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের মরুভূমিতে অবস্থিত একটি বিমানঘাঁটিতে হেগসেথ ও নেতানিয়াহুর বৈঠক হয়েছে।
হেগসেথের সফরের খবর প্রকাশের এক দিন আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই সমর্থন জানান তিনি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে নেতানিয়াহুর ভূমিকার প্রশংসা করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘বিবি নেতানিয়াহু আপনাদের কখনো হতাশ করবেন না!’
জনমত জরিপ বলছে, নির্বাচনে নেতানিয়াহুর ধর্মীয় জাতীয়তাবাদী জোট সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। তবে বিরোধী দলগুলোর জন্যও সরকার গঠন কঠিন হতে পারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের নির্বাচনে তিনি জড়াতে চান না। তার মনোযোগ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে।
সূত্র : আলজাজিরা




