টাইগারকে গুলির পর বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, ‘সালমানের সঙ্গে কাজ করলে ছাড় নয়’

সংগৃহীত ছবি
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে জুহুতে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো এক ভয়ংকর তথ্য। এ হামলার নেপথ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং।
রবিবার রাতে ঘটা এ হামলার পরপরই একটি অডিও বার্তা প্রকাশ করে গ্যাংটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বলিউডের যে বা যারা সুপারস্টার সালমান খানের সঙ্গে কাজ করবে, তাদের সবার পরিণতিই এমন হবে।
সামনে আসা ওই অডিও ক্লিপে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, টাইগার শ্রফকে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি লরেন্স গ্যাংয়ের কথা অমান্য করে সালমান খানের ঘনিষ্ঠ বৃত্তে কাজ চালিয়ে যাচ্ছিলেন। আর সেই ক্ষোভ থেকেই এ হামলা চালানো হয়েছে।
শুধু তাই নয়, অডিও বার্তায় সালমান খানকে সরাসরি আক্রমণ করে বলা হয়েছে, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমাদের নির্দেশ অমান্য করে সালমান খানের সঙ্গে কাজ করবে, তাদের ছাড় দেওয়া হবে না। এ সালমান হলো দাউদের কুকুর এবং আমরা দাউদ নামের একটি কুকুরকে ঘরে পুষে রেখেছি।’
বার্তায় আরও যোগ করা হয়েছে, ‘আমরা তাকে ফোন করে বুঝিয়েছিলাম কিন্তু তিনি বোঝেননি, তাই আজ আমরা তাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম।’ সেই সঙ্গে একে তাদের ‘প্রথম ও শেষ সতর্কবার্তা’ বলেও উল্লেখ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় তিনজন মোটরসাইকেল আরোহী।
টাইগার যখন একটি ফুটবল মাঠ থেকে বের হচ্ছিলেন, তখনই এ ঘটনা ঘটে। টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতকারীদের পাঁচ রাউন্ড গুলি চালায়। এ হামলায় অভিনেতা অক্ষত থাকলেও তার চালকের হাতে গুলি লেগেছে।
১৯৯৮ সালের কালোমৃগ শিকারের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সলমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার সলমানের অনুসারী বা তার সঙ্গে সম্পর্কিত তারকাদের ওপর সরাসরি হামলা চালিয়ে বলিপাড়ায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে এ অপরাধী চক্র।
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এ ঘটনার পর মুম্বাই পুলিশ কমিশনারকে কড়া নির্দেশ দিয়েছেন। টাইগার শ্রফের চালক জখম হওয়ার এ ঘটনায় পুরো মুম্বাই জুড়ে হামলাকারীদের ধরতে ও সেলিব্রিটিদের নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ।




