ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

ছবি: আগামীর সময়
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন জামায়াতের সভাপতি সিরাজ উদ্দিনের ছেলে আলী আকবর তানভীর। গত ১৮ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লার ফেসবুক পোস্টে প্রকাশিত কমিটির তালিকায় তার নাম দেখা যায়। তবে ছেলের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততা ও পদ পাওয়ার বিষয়ে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তার বাবা।
মোবাইল ফোনে সিরাজ উদ্দিন জানান, তার ছেলে বর্তমানে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় রয়েছেন। গত কয়েক মাস ধরে তিনি দেশের বাইরে। ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত, তা তিনি জানতেন না।
সিরাজ উদ্দিন বলেন, জামায়াতের আদর্শ আর আওয়ামী লীগের আদর্শ কখনো এক নয়। আগে জানলে আমার ছেলেকে ত্যাজ্যপুত্র করতাম। তিনি আরও জানান, কমিটি ঘোষণার পর ছেলের সঙ্গে কথা হয়েছে। ছেলে তাঁকে জানিয়েছে, সে পদত্যাগ করেছে। তবে পদত্যাগের বিষয়ে কোনো প্রমাণ তাঁর কাছে নেই।
এদিকে, ইটনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন বলেন, ইউনিয়ন জামায়াতের সভাপতির ছেলে জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকাটা আশ্চর্যের কিছু নয়। তাঁর অভিযোগ, সরকারকে বিপদে ফেলা ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও জামায়াত এক হয়ে কাজ করছে।
অন্যদিকে, ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন বলেন, ফ্যাসিস্টের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই দলে যারা রয়েছে, তাদের সবার শাস্তি হোক।
তবে ইউনিয়ন জামায়াতের সভাপতির ছেলে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত, এমন তথ্য তার জানা নেই বলে জানান তিনি। বিষয়টি সত্য হলে তা খুবই খারাপ এবং এ বিষয়ে সিরাজ উদ্দিনের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।
আলী আকবর তানভীরের বক্তব্য জানতে তার বাবার কাছে যোগাযোগের নম্বর চাওয়া হলেও তিনি তা দিতে পারেননি। ফলে এ বিষয়ে তানভীরের বক্তব্য পাওয়া যায়নি।




