প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়ার পরই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এল।
আজ রবিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি ‘মাদকের আস্তানায়’ আকস্মিক অভিযান চালিয়ে কয়েকজনকে পুলিশের কাছে সোপর্দ করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
গতকাল শনিবার গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় এ অভিযানের সময় আগ্নেয়াস্ত্র দেখা গেছে প্রতিমন্ত্রীর হাতে।
অভিযানের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই ভিডিওতে দেখা যায়, গাড়ি নিয়ে গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় একটি মাদকের আস্তানায় থামেন তিনি। এ সময় সেখানে থাকা কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন ইশরাক হোসেন পিস্তল উঁচিয়ে বলতে থাকেন, ‘এই ধর ধর ধর...।’ এসময় তার পাশ থেকে একজনকে বলতে শোনা যায়, ‘একেবারে গুলি করে দেব।’
অস্ত্রহাতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের এই অভিযানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়। এরপরই ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। শুধু তাই নয়, এটি ‘টক অব দ্য কান্ট্রি’তে রুপ নেয়।





