এবার ‘খালি হাতে’ মাদকবিরোধী অভিযানে যাবেন ইশরাক

সংবাদ সম্মেলনে কথা বলছেন ইশরাক হোসেন। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে নিজের চলমান যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইশরাক।
সংবাদ সম্মেলনে ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য বলেছেন, ‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। আগে তো অস্ত্র নিয়ে গিয়েছি। এখন খালি হাতে যাব।’
‘প্রধানমন্ত্রী আমাকে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমি ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূলের পাশাপাশি জনজীবনের অন্যান্য সমস্যা সমাধানে কাজ করতে চাই। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন’, যোগ করেন ইশরাক।
সংবাদ সম্মেলনে ইশরাক বলছিলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হয়েছে। স্বাধীনতা অর্জনের পরও বিভিন্ন ক্ষেত্রে লড়াই চালিয়ে যেতে হবে। সাংস্কৃতিক, অর্থনৈতিক, মাদকবিরোধী ও সীমান্ত নিরাপত্তার মতো বিষয়গুলোতে এই লড়াই অব্যাহত রাখা জরুরি।
মাদকের বিস্তারকে দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন, মাদক শুধু ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করছে না, এটি বাংলাদেশের অস্তিত্বকেও হুমকির মুখে ফেলতে পারে। এ কারণে মাদকের বিরুদ্ধে ঘোষিত অভিযান অব্যাহত রাখতে চাই।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাকের উপস্থিতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
মাদক নির্মূলে তার উদ্যোগকে কেউ কেউ ইতিবাচকভাবে দেখলেও অস্ত্র প্রদর্শন, পুলিশের সঙ্গে সমন্বয় এবং আইন প্রয়োগে জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
তবে আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরার দাবি করেছেন ইশরাক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়।



