বাউফল
আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

গ্রাফিকস: আগামীর সময়
পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে মোশাররফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। একই সঙ্গে নিজের ও বোনের বিয়ের জন্য গত ১০-১২ বছরে গরু-ছাগল বিক্রি করে জমানো প্রায় সাত লাখ টাকাও পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।
আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাংলালিংক টাওয়ারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মোশাররফ হোসেন জানান, কৃষিকাজের পাশাপাশি দীর্ঘদিন ধরে গরু-ছাগল পালন করে জীবিকা নির্বাহ করতেন তিনি। একসময় অটোরিকশা চালাতেন। পরে ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় অটোরিকশাটি বিক্রি করে দেন। এরপর গরু-ছাগল পালন করে উপার্জিত অর্থ থেকে ধীরে ধীরে সঞ্চয় গড়ে তোলেন।
মোশাররফ বলেন, ‘আমার বয়স যখন এক বছর, তখন বাবা মারা যান। এরপর মা ও বোনকে নিয়ে আমাদের সংসার। গত ১০-১২ বছরে পাঁচটি গরু ও ৪০টির বেশি ছাগল বিক্রি করে প্রায় সাত লাখ টাকা জমিয়েছিলাম। নিজের ও বোনের বিয়ের জন্য টাকাগুলো রেখেছিলাম। ব্যাংকে টাকা রাখিনি, ঘরেই রেখেছিলাম। কিন্তু আগুনে আমার সব শেষ হয়ে গেছে। প্রায় দুই লাখ টাকা মূল্যের দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র সব পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব।’
তিনি আরও জানান, দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয়ে গড়ে তোলা স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে গেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
বাউফল ফায়ার সার্ভিসের টিম লিডার ছাব্বির আহমেদ জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে রওনা হন তারা। সেখানে পৌঁছে আগুন জ্বলতে দেখে পানি ছিটিয়ে নেভানোর কাজ শুরু করেন। পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, ‘ঘটনার সময় ঘরে কেউ ছিলেন না। দুটি গরু, ছাগল, হাঁস-মুরগি ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে।’



