অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর ভাটারা থানাধীন একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ জন নারী-পুরুষকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার ভোরে বাড়িটিতে অভিযান চালায় ডিবি। অভিযানে বাড়িটি থেকে মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।
গতকাল ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানের নেতৃত্ব দেন ডিবির উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবীর। ডিবিপ্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই বাড়িতে ডিজে পার্টি হতো। ডিজে পার্টির জন্য তারা অনলাইনে বিজ্ঞাপন দিত। পার্টিতে তরুণ-তরুণীরা ছাড়াও বিভিন্ন বয়সী লোকজন অংশগ্রহণ করতেন। মাদকের আয়োজন বসতো সেখানে। আটকদের মধ্যে ২৬ জন নারী বলে তিনি জানান।
ডিবি সূত্র জানিয়েছে, পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত আড়াইতলা বাড়িটি স্বল্পমেয়াদি আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো।
অভিযান চালানো বাড়িটি পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের। বিসিএস ২৪তম ব্যাচের এই কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত। এর আগে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার ছিলেন।
আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে অভিযানের বিষয়ে জানতে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হয়। তবে তিনি সাড়া দেননি। একপর্যায়ে ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।




