হরমুজে নৌমাইনে আঘাতে গ্যাসবাহী জাহাজে আগুন

ফাইল ছবি
হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাতের পর তরলীকৃত গ্যাসবাহী একটি জাহাজে আগুন ধরে গেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করে অনুমোদনহীন পথে চলার সময় জাহাজটি নৌমাইনে আঘাত পায়।
আইআরজিসি বলেছে, জাহাজটি সতর্কবার্তা উপেক্ষা করে জলপথটির একটি অননুমোদিত পথে চলার চেষ্টা করেছিল।
শনিবার ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্ব দিকে একটি ট্যাংকার নৌমাইনে আঘাতের পর আগুন ধরে যায় এবং সেটির চলাচল বন্ধ হয়ে যায়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে নৌবাহিনী বলেছে, ট্যাংকারটি আগের সতর্কবার্তা উপেক্ষা করে শনিবার ভোরে নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায় প্রবেশ করেছিল। এ সময় জাহাজটির অবস্থান শনাক্ত ও পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা বন্ধ ছিল।
ইরানের নৌবাহিনী সতর্ক করে বলেছে, নিষিদ্ধ এলাকায় প্রবেশ করা যেকোনো ট্যাংকারের একই পরিণতি হতে পারে। এসব জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুনের মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে। আগের ঘটনা ও সতর্কবার্তার পরও জাহাজ পাঠানো অব্যাহত রাখায় ট্যাংকারের মালিকদেরও সমালোচনা করেছে বাহিনীটি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ১৩৪টি নিশ্চিত সামুদ্রিক ঘটনায় ২৫ জন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) ১১ নভেম্বর পর্যন্ত নথিভুক্ত ঘটনার তথ্য তুলে ধরে তিনি বলেছেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচলে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে অক্টোবরে।
একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি বলেছেন, হরমুজ প্রণালিতে বিঘ্নের কারণে প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে ২৩ হাজারের বেশি নাবিক আটকা পড়েছেন। সামুদ্রিক অবকাঠামো, সমুদ্রতলের যোগাযোগ কেবল, তথ্যকেন্দ্র ও কৃত্রিম বুদ্ধিমত্তা স্থাপনাতেও ইরানের হামলার অভিযোগ তুলেছেন তিনি।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থার (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
সূত্র : আলজাজিরা




