ট্রাম্প-মেলোনি-মাখোঁসহ ইরানের ‘হিটলিস্টে’ ১৩ নেতা

ছবি: রয়টার্স
উসকানিমূলক অবস্থানের জন্য পরিচিত ইরানের একটি রক্ষণশীল সংবাদপত্র একটি তালিকা প্রকাশ করেছে। তারা দাবি করেছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে যাদের লক্ষ্যবস্তু করা হবে তাদের নাম রয়েছে এ তালিকায়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের নাম রয়েছে এতে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। এরপর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনি।
বাবার দাফন সম্পন্ন হওয়ার পর শনিবার দেওয়া বার্তায় মোজতবা বলছিলেন, ‘প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা। তা অবশ্যম্ভাবীভাবে বাস্তবায়ন করা হবে। যেসব অপরাধীর নাম এই তালিকায় রয়েছে, তারা শান্তিতে নিজেদের বিছানায় মৃত্যুবরণ করার ইচ্ছা নিয়েই কবরে যাবে।’
শনিবার গভীর রাতে অনলাইনে একটি তথ্যচিত্র প্রকাশ করে ইরানের রাজধানী তেহরানের কর্তৃপক্ষের প্রকাশিত হামশাহরি পত্রিকা। সেখানে মোজতবার বক্তব্যের সঙ্গে যুক্ত করা হয় ১৩ জন বিদেশি নেতার ছবি।
বার্তায় সর্বোচ্চ নেতা বলছিলেন, লক্ষ্যবস্তু করার জন্য ইরান একটি তালিকা প্রস্তুত করেছে। তবে তিনি কোনো নাম প্রকাশ করেননি। সংবাদপত্রটির প্রকাশিত তালিকাটি সরকারিভাবে অনুমোদিত হয়েছে, এমন কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি।
তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ আরও কয়েকজন নেতার ছবি রয়েছে।
তবে রবিবার প্রকাশিত পত্রিকার মুদ্রিত সংস্করণে তথ্যচিত্রটি প্রকাশ করা হয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসও রয়েছেন তালিকায়।




