আরব ইসরায়েলিদের পক্ষ নিয়ে নেতানিয়াহুকে আইজেনকটের তিরস্কার

সম্ভাব্য ইসরায়েলি প্রধানমন্ত্রী গাদি আইজেনকট। ফাইল ছবি / রয়টার্স
ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি বংশোদ্ভূত আরব নাগরিকদের লক্ষ্য করে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা গাদি আইজেনকট।
নির্বাচনে রাজনৈতিক স্বার্থে নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা এ প্রচারণায় উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে আইজেনকট বলেছেন, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক। নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই তাদের বৈধতা অস্বীকার এবং একটি গোষ্ঠী হিসেবে হেয় করার চেষ্টা চলছে।
তিনি আরও বলেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী সব নাগরিকের প্রধানমন্ত্রী—যারা তাকে ভোট দেননি, তাদেরও। আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাসের অংশ। তাদের প্রান্তিক করে রাখা এবং সামগ্রিকভাবে অপবাদ দেওয়ার চেষ্টা রাষ্ট্রবিরোধী কাজ।’
গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন—কোনো পক্ষই পায়নি। ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
নির্বাচনে আরব-অধ্যুষিত দলগুলোর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছিলেন নেতানিয়াহু। তবে ইসরায়েলের নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করেছে। হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলতে অস্বীকৃতি জানানোর জন্যও তিনি আরব দলগুলোর সমালোচনা করেছেন। যদিও ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নেতৃত্বাধীন হামলার নিন্দা জানিয়েছিলেন দলগুলোর নেতারা।
আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন। গাজায় যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার পর্যবেক্ষক সদস্য ছিলেন।
সূত্র- আলজাজিরা





