সাবেক মন্ত্রীর পানির বোতলে ২ কোটি ডলার ও ৫ কেজি সোনা

এআই
দুর্নীতির এক তদন্তে ইরাকের সাবেক উপতেলমন্ত্রী আদনান আল-জুমাইলির বাড়ি থেকে প্লাস্টিকের পানির বোতলের ভেতরে লুকিয়ে রাখা প্রায় ২ কোটি মার্কিন ডলার এবং ৫ কেজি সোনা জব্দ করেছে দেশটির কর্তৃপক্ষ।
সোমবার ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল জানিয়েছে, দুর্নীতিবিরোধী কেন্দ্রীয় ফৌজদারি আদালতের এক তদন্তকারী বিচারক আরও ২৫ বিলিয়ন ইরাকি দিনার (প্রায় ১ কোটি ৯০ লাখ ডলার) এবং ১০ লাখ মার্কিন ডলার জব্দের নির্দেশ দিয়েছেন।
কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, জুমাইলি এবং এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সন্দেহভাজনের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে প্রায় ৫ কেজি স্বর্ণালংকারও জব্দ করা হয়েছে।
তদন্তকারী বিচারকের ভাষ্য, অভিযুক্ত এবং তার সহযোগীদের বিভিন্ন প্রকল্পে অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থের উৎস শনাক্ত করতে দীর্ঘ অনুসন্ধানের পর এই অভিযান পরিচালনা করা হয়।
কাউন্সিল জানায়, জব্দ করা নগদ অর্থ জুমাইলির তিকরিতের বাড়িতে প্লাস্টিকের পানির বোতলের ভেতরে লুকিয়ে রাখা ছিল।
সর্বশেষ অভিযানের পর এ তদন্তে জব্দ হওয়া সম্পদের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১২৭ বিলিয়ন ইরাকি দিনার (প্রায় ৯ কোটি ৭০ লাখ ডলার) এবং ২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এ ছাড়া বিভিন্ন স্থাবর সম্পত্তি, যানবাহন ও জব্দ করা স্বর্ণও এর অন্তর্ভুক্ত।
কাউন্সিল জানিয়েছে, তদন্ত এখনো চলমান রয়েছে এবং সব আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্য সন্দেহভাজনদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।
গত সপ্তাহে ইরাকি কর্তৃপক্ষ বড় ধরনের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির মামলায় কয়েকজন সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাসহ কয়েক ডজন সন্দেহভাজনকে গ্রেপ্তারের ঘোষণা দেয়। তাদের আইনগত দায়মুক্তিও প্রত্যাহার করা হয়েছিল।
জুমাইলির বিরুদ্ধে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই এসব গ্রেপ্তার অভিযান চালানো হয়। সরকারি অর্থ অপচয় এবং অবৈধভাবে বিভিন্ন প্রকল্পের চুক্তি দেওয়ার অভিযোগে ২০২৬ সালের ২ জুন তাকে উপতেলমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছিল।




