শ্রীলঙ্কায় ‘কারাবিদ্রোহে’ নিহত ২৫

নেগোম্বোর কারাগারে সংঘর্ষ শুরু হয়- রয়টার্স
শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে দাঙ্গায় নিহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতদের ২১ জন কয়েদি ও চারজন কারারক্ষী। এ ঘটনায় আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। কারাগারে মাদক পাচারের সঙ্গে জড়িত দুই দল কয়েদির মধ্যে গত রবিবার দুপুর থেকে শুরু হয়ে রাতভর চলা সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
শ্রীলঙ্কার কর্মকর্তারা এ ঘটনাকে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ‘কারাবিদ্রোহ’ হিসেবে আখ্যা দিয়েছেন। রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোমবো হাসপাতালে আহত ব্যক্তিদের ভর্তি করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত হাসপাতালটির পরিচালক পুষ্প গামলাথ এএফপিকে বলেছেন, সেখানে ১৯ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে। ১০০ জনের বেশি কারারক্ষী ও কয়েদিকে আহত অবস্থায় ভর্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি। গামলাথ জানালেন, ‘আহতদের কারও কারও গায়ে বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।’
ওই কারাগারে প্রায় ১০ হাজার অপরাধীকে বন্দি করে রাখা হয়েছে বলে জানালেন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কমান্ডোদের ডেকে আনা হয়। গতকাল সোমবার কারাগারের বাইরে কয়েদিদের আত্মীয়স্বজনের ভিড় দেখা গেছে।




