মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালি পাড়ি দিল ৪ জাহাজ

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই চারটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানায় বিবিসি।
জাহাজের ট্র্যাকিং তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই। তথ্য বিশ্লেষণে দেখা গেছে ওয়াশিংটনের নৌ অবরোধ শুরু হলেও হরমুজ প্রণালি অতিক্রম করেছে চারটি জাহাজ।
মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এই জাহাজগুলোর মধ্যে দুটি আগেই ইরানের বন্দরে গিয়েছিল। এদের মধ্যে ‘ক্রিস্টিয়ানা’ নামের একটি জাহাজ আগে গিয়েছিল ইরানে।
অন্যদিকে, রিচ স্টারি নামের আরেকটি জাহাজ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত ছিল। এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা করে রাতেই পাড়ি দেয় হরমুজ প্রণালি।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা আরেকটি জাহাজ মুরলিকিশান। এই জাহাজটি চীনের লানসান থেকে রওনা হয়ে রাতের মধ্যেই হরমুজ প্রণালি অতিক্রম করে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ওই জাহাজের সর্বশেষ অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্বদিকে।
এছাড়াও এলপিস নামের আরেকটি ট্যাংকার ইরানের বুশেহর বন্দর থেকে মঙ্গলবার পূর্বদিক দিয়ে প্রণালি অতিক্রম করেছে। এটিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। তবে এই জাহাজটির গন্তব্য কোথায় সেটি নিশ্চিত হওয়া যায়নি।
তবে ধারণা করা হচ্ছে এই জাহাজগুলো তাদের অবস্থান গোপন করতে কৌশলের আশ্রয় নিয়ে থাকতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, সোমবার দুপুর থেকে তারা ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়া পথ অবরোধ করবে।
‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ দেওয়া শুরু করবে’, গত রবিবার নিজের ট্রুথ সোশ্যালে লিখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
‘ইরানকে কোনো না কোনোভাবে অর্থ পরিশোধ করা জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমায় চিহ্নিত করে আটকাতে আমি আমাদের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছি। অবৈধ টোল পরিশোধ করা কেউই সমুদ্রে নিরাপদে চলাচল করতে পারবে না’— হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ট্রাম্প।

