পর্দার আড়ালে কি সমঝোতার পথ খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান?

ছবি: রয়টার্স
কূটনৈতিক তৎপরতা জোরদার করা গেলে ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট করে এমনটাই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দলের মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়কর ফলের পর এই ইঙ্গিত মিলল।
সিএনএনকে রবিবার ট্রাম্প বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার দিকে অগ্রসর হলে এবং হরমুজ প্রণালি আবার খুলে দিলে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা ‘খুবই কম’। সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানেও তিনি বলেছেন, যুদ্ধ আরও বিস্তৃত করার ‘কোনো ইচ্ছা তার নেই’।
ইরান ও যুক্তরাষ্ট্র নীরবে একটি স্পর্শকাতর চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। এই চুক্তি হলে সর্বাত্মক যুদ্ধ আবার শুরু হওয়ার আশঙ্কা এড়ানো এবং আরও বিস্তৃত আলোচনার পথ খুলে যেতে পারে।
তবে চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদে কিছুটা ভাটা পড়েছে ওয়াশিংটনের বক্তব্যে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার বলেছেন, ‘আমরা যে বড় ধরনের কোনো অগ্রগতির দ্বারপ্রান্তে আছি, তা বলব না।’ ট্রাম্পও স্পষ্ট করেছেন, সামরিক পদক্ষেপের বিকল্প এখনো খোলা রয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের পর কী পরিবর্তন হয়েছে?
নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, রিপাবলিকানদের হারের অন্যতম কারণ ছিল এই যুদ্ধ।
‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ট্রাম্প জানান, ভ্যান্সের মূল্যায়নের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন না। স্বীকার করেন, ভোটাররা ‘যুদ্ধ পছন্দ করেননি’। তবে ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে জোরালো অবস্থান নেন তিনি। বলেন, আবারও যদি তাঁকে একই সিদ্ধান্ত নিতে হতো, তার উত্তর হতো ‘দৃঢ়ভাবে হ্যাঁ’।
অন্যদিকে, নির্বাচনের ফলাফলকে নিজেদের আলোচনার অবস্থান শক্তিশালী করার কাজে লাগাতে চাইছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রবিবার বললেন, ‘মার্কিন ভোটাররা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এবার হোয়াইট হাউসের নিজের সিদ্ধান্ত নেওয়ার সময়।’
ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান নিয়ে আত্মবিশ্বাস দেখিয়ে যাচ্ছেন। অন্যদিকে, ইরান বারবার হুমকি দিয়ে বলেছে, আবার হামলা চালানো হলে তারা যুদ্ধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত করবে।
কী নিয়ে আলোচনা হচ্ছে?
দুই পক্ষেরই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, যেগুলো অন্য পক্ষের কাছে আপাতদৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।
ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে চান। তবে তেহরান এটিকে জাতীয় সার্বভৌমত্বের বিষয় বলে মনে করে।
প্রকাশ্যে ইরান কঠোর অবস্থান দেখাচ্ছে। দেশটি বলেছে, সাতটি পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে না কিংবা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেবে না। এসব শর্তের মধ্যে রয়েছে সব ‘ফ্রন্টে’ যুদ্ধ বন্ধ করা এবং সামুদ্রিক অবরোধ তুলে নেওয়া। তবে শর্তগুলোর বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় সমৃদ্ধ ইউরেনিয়ামের শত শত কেজি মজুত এখনো ইরানের কোথাও লুকানো রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এই মজুতকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তেহরান। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন চায় ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা কমিয়ে দেওয়া হোক অথবা নিরাপদে সংরক্ষণের জন্য অন্য কোনো দেশে পাঠানো হোক। এ বিষয়ে দুই পক্ষের আলোচনা কত দূর এগিয়েছে, তা স্পষ্ট নয়।
ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন, সামরিক প্রয়োজনে ব্যবহার নয়।
পারমাণবিক কর্মসূচি বা হরমুজ প্রণালি নিয়ে অবস্থান থেকে সরে না আসার পাশাপাশি ইরানের কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্যও রয়েছে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ হলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল বিক্রি করা ইরানের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়েছে। বিদেশি ব্যাংকে থাকা ইরানের কয়েক শ কোটি ডলারের সম্পদও জব্দ রয়েছে। এসব নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি ওয়াশিংটন বিবেচনা করছে বলে মনে হচ্ছে। এমন পদক্ষেপ নিলে রেকর্ড মূল্যস্ফীতির মধ্যে ইরানের জনগণের ওপর চলমান তীব্র অর্থনৈতিক চাপ কিছুটা কমতে পারে।
এ ছাড়া যুদ্ধের শুরুতে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডাররা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণও চায় তেহরান।
দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছে কাতার। দেশটি একটি কাঠামোগত চুক্তির খসড়া দুই পক্ষের কাছে পাঠাচ্ছে, যাতে ওয়াশিংটন ও তেহরান উভয়েই সংশোধনী আনছে। কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস ধরেই এ প্রক্রিয়া চলছে। তবে নতুন করে হামলার আশঙ্কায় সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা আরও জোরদার হয়েছে।
ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে সোমবার ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।
চুক্তির পথে বাধা কী?
এখন পর্যন্ত কোনো পক্ষই নিজেদের দাবির বিষয়ে ছাড় দিতে রাজি হয়নি।
প্যারিসে রবিবার জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দেন, দুই পক্ষ এখনো সমঝোতা থেকে অনেক দূরে রয়েছে।
তিনি বললেন, ‘এই মুহূর্তে আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি। কারণ, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু ক্ষেত্রে তা অযৌক্তিক, উদ্ভট এবং বাস্তবতাবিবর্জিত।’
পরপর কয়েক দফা সরাসরি সংঘাতের পর ওয়াশিংটনের প্রতি তেহরানের আস্থা প্রায় পুরোপুরি হারিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা চলার মধ্যেই যে সংঘাত শুরু হয়েছিল, তা ইরান ভুলে যায়নি।
ইরানের আশঙ্কা, কোনো দর-কষাকষির হাতিয়ার ছেড়ে দিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা চালাতে পারে। এতে দেশটি অরক্ষিত হয়ে পড়বে এবং কার্যকর আলোচনার হাতিয়ারও হারাবে। হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পর ইরানে হামলা হলে দেশটি আরও অরক্ষিত হয়ে পড়বে এবং আলোচনায় দুর্বল অবস্থানে থাকবে।
ট্রাম্পকে একদিকে আরব অংশীদার ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। এই দুই পক্ষই ইসলামি প্রজাতন্ত্র ইরানকে হুমকি মনে করে। অন্যদিকে, ইরানের কাছ থেকে বড় কোনো ছাড় আদায় না করে যুদ্ধ থেকে সরে এলে তাকে সমালোচনার মুখে পড়তে হবে।
তেহরান লেবানন, ইরাক ও ইয়েমেনে নিজেদের আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীগুলোকেও সুরক্ষা দিতে চায়। এসব সশস্ত্র গোষ্ঠী আঞ্চলিকভাবে ইসলামি প্রজাতন্ত্রের পক্ষে লড়াই করেছে এবং তেহরানের প্রতি অনুগত। তবে গত তিন বছরে তারা অস্তিত্বের সংকটে পড়েছে।
সেপ্টেম্বরে ইয়েমেনে ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা ঝটিকা অভিযান চালিয়ে লোহিত সাগরের আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রবেশপথ বাব আল-মান্দাব দখল করে নেয়। এতে আরেকটি জলপথের ওপর তেহরানের সম্ভাব্য প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়। ইয়েমেন সরকারকে রিয়াদ সামরিক সহায়তা দেওয়ায় এর প্রতিক্রিয়ায় হুতিরা পরে সৌদি আরবে হামলা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্র চায়, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে না পারে। এ জন্য এ ধরনের অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে এমন উন্নত সরঞ্জামের সক্ষমতাও ইরানের হাতে থাকা চলবে না।
ইরানের সঙ্গে কোনো চুক্তির বিষয়ে দেশটির আরব প্রতিবেশীদের মধ্যে মতভেদ রয়েছে। তেহরানের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেওয়া এবং তাদের কাঙ্ক্ষিত আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি করতে পারে, এমন কোনো চুক্তি তারা চায় না। ইরান হরমুজ প্রণালির পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে রাখতে চায়। এই সামুদ্রিক পথ দিয়েই ধনী আরব দেশগুলো তাদের অধিকাংশ তেল ও গ্যাস রপ্তানি করে। জলপথটির নিয়ন্ত্রণ পেলে অঞ্চলটিতে কী প্রবেশ করবে এবং কী বের হবে, সে বিষয়ে তেহরান নির্ধারক প্রভাব বিস্তারের সুযোগ পাবে।
এটিও যুক্তরাষ্ট্রের দাবির পরিপন্থী। ওয়াশিংটন চায়, জলপথগুলো সবার জন্য উন্মুক্ত থাকুক। যুদ্ধের মাধ্যমে ইরান যে গুরুত্বপূর্ণ সুবিধাগুলো পেয়েছে, সেগুলোর একটিকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার বিষয়টি যুক্তরাষ্ট্র কোনোভাবেই চাইবে না।
তাহলে কি আবার যুদ্ধ শুরু হবে?
ইতিমধ্যে কিছু হামলার ঘটনা ঘটেছে। তবে উভয় পক্ষই সেগুলোর গুরুত্ব কমিয়ে দেখিয়েছে। সম্ভবত এটি আলোচনার পথ বন্ধ করতে চায় না, তারই ইঙ্গিত।
কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের আলোচনা সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পারমাণবিক আলোচনা আবার শুরু করতে রাজি হয়েছে।
এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের কোনো ছাড় দেওয়া, এমনকি বিষয়টি নিয়ে আলোচনায় বসতে রাজি হওয়াকেও বড় অগ্রগতি হিসেবে দেখা হবে।
তবে অগ্রগতির খবর এলেও সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি এখনো বাস্তব। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি রয়েছে। ট্রাম্পের নির্দেশে এই বাহিনী বড় ধরনের হামলা চালাতে পারে।
হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস নিয়ে যাতায়াত করা জাহাজগুলো এখনো ইরানের হামলার শিকার হচ্ছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। পাশাপাশি, উন্নত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম স্থলপথে সরিয়ে নিতে ইরানকে বাধা দেওয়ার লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে ওয়াশিংটন। এসব পদক্ষেপের মধ্য দিয়ে নিষেধাজ্ঞা ও চাপ কমানোর পরিবর্তে ইরানের ওপর চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরান ইতিমধ্যে জয়ী হয়েছে বলে মনে করেন দেশটির কট্টরপন্থী নেতারা। ট্রাম্পের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়কে কাজে লাগিয়ে তারা সংঘাত থেকে বেরিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রকে আরও বড় মূল্য দিতে বাধ্য করার দাবি জানাচ্ছেন। আলোচনায় অংশ নেওয়া তুলনামূলক সংস্কারপন্থী ইরানি নেতারা কোনো চুক্তিতে পৌঁছালে দেশের ভেতরেই তাদের বিরোধিতার মুখে পড়তে হতে পারে।
গত কয়েক সপ্তাহে ইরানের সামরিক কমান্ডাররা হুঁশিয়ারি আরও জোরালো করেছেন। তাদের দাবি, আগের চেয়ে বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো এবং আরও বড় ক্ষয়ক্ষতি ঘটানোর মতো অস্ত্র ইরানের হাতে রয়েছে।
সুতরাং, ট্রাম্প চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও ইরান তাতে রাজি হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: সিএনএন









